© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিট নয়, অ্যাঞ্জেলিনার পথেই হাঁটছে সন্তানরা

শেয়ার করুন:
পিট নয়, অ্যাঞ্জেলিনার পথেই হাঁটছে সন্তানরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ পিএম | ১৯ জুন, ২০২৬
দীর্ঘ আইনি লড়াই, পারিবারিক টানাপোড়েন এবং আলোচিত বিচ্ছেদের অধ্যায় পেরিয়ে নতুনভাবে জীবনকে গুছিয়ে নিচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। প্রায় এক দশক ধরে চলা নানা জটিলতার পর তিনি এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্ত ও আত্মবিশ্বাসী মনে করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জোলি জানিয়েছেন, জীবনের কঠিন সময়গুলো পার করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার সন্তানরা। তাদের উৎসাহ ও সমর্থনই তাকে নতুন করে জীবনকে উপভোগ করতে শিখিয়েছে। ছয় সন্তানের জননী জোলি বলেন, সন্তানরা এখন বড় হয়ে গেছে এবং তারা চায় তিনি নিজের জন্য সময় বের করুন, নতুন অভিজ্ঞতা অর্জন করুন এবং দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করুন।

একসময় অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়ে চলচ্চিত্র নির্মাণ ও মানবিক কর্মকাণ্ডে বেশি সময় দিচ্ছিলেন জোলি। তবে ব্যক্তিগত জীবনের পরিবর্তন এবং পারিবারিক দায়িত্বের কারণে আবারও অভিনয়ে নিয়মিত হন তিনি।



দীর্ঘ আট বছরের আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয় জোলি ও ব্র্যাড পিটের। এরপর থেকেই সন্তানদের সঙ্গে পিটের দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। ইতোমধ্যে কয়েকজন সন্তান নিজেদের নাম থেকে বাবার পদবি বাদ দিয়েছেন বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, সন্তানদের এই সিদ্ধান্ত ব্র্যাড পিটকে কষ্ট দিলেও তিনি এখনো সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা ছাড়েননি। তবে অন্য একটি সূত্র বলছে, সন্তানরা নিজেদের অভিজ্ঞতা ও অতীতের পারিবারিক পরিস্থিতি বিবেচনা করেই এসব সিদ্ধান্ত নিয়েছে।

সব মিলিয়ে, জীবনের এক দীর্ঘ ও কঠিন অধ্যায় পেছনে ফেলে এখন নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে চান অ্যাঞ্জেলিনা জোলি। আর সেই পথচলায় তার সবচেয়ে বড় শক্তি হয়ে আছে সন্তানরাই।


এসএ/এসএন


মন্তব্য করুন