ইরানকে আবারও ৬০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
ছবি: সংগৃহীত
০৪:২৪ পিএম | ২০ জুন, ২০২৬
ইরানকে আবারও ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হলে এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তেহরানের পছন্দ হবে না।
মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার দেওয়া বিমান উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর সামা টিভিসহ একাধিক গণমাধ্যমের।
ট্রাম্প বলেন, কূটনৈতিক সমাধানেই তিনি আস্থা রাখেন তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, ৬০ দিনের মধ্যে আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে। অন্যথায় আমরা এমন কিছু করব, যা তাদের ভালো লাগবে না। পরিস্থিতি শেষ পর্যন্ত সেই পর্যায়ে যাবে না বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।
ওয়াশিংটন ও তেহরান সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্থায়ী চুক্তিতে রূপ দিতে কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এমন সময়েই ট্রাম্পের এই সতর্কবার্তা এলো।
এমআই/টিএ