বিমানবন্দরে উপস্থিত বুদ্ধিতে ভক্তদের মন জয় করলেন অক্ষয়
ছবি: সংগৃহীত
০৫:১৯ পিএম | ২১ জুন, ২০২৬
বিমানবন্দরে তারকাদের ঘিরে ভক্ত ও আলোকচিত্রীদের ভিড় নতুন কিছু নয়। প্রায়ই ক্যামেরার সামনে তারকাদের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এবার বিমানবন্দরে এক প্রশ্নের জবাবে নিজের স্বভাবসুলভ রসবোধের পরিচয় দিয়ে আবারও আলোচনায় উঠে এলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, কালো শার্ট ও ধূসর প্যান্ট পরে বিমানবন্দরে প্রবেশ করছেন অক্ষয়। তাকে দেখেই ক্যামেরার ঝলকানি শুরু হয়। বরাবরের মতো হাসিমুখে সবার দিকে তাকিয়ে ছবি তোলার সুযোগও দেন তিনি। ঠিক সেই সময় উপস্থিত এক আলোকচিত্রী অভিনেতাকে প্রশ্ন করেন, তিনি কোথায় যাচ্ছেন।
সাধারণ একটি প্রশ্ন হলেও অক্ষয়ের উত্তর ছিল একেবারেই ভিন্ন। মুহূর্তের মধ্যেই হাস্যরস মিশিয়ে তিনি পাল্টা বলেন, “কেন? তুই আমার মামা নাকি?” অভিনেতার এমন জবাব শুনে আশপাশে উপস্থিতদের পাশাপাশি প্রশ্ন করা আলোকচিত্রীও হেসে ফেলেন।

পরবর্তীতে অবশ্য অক্ষয় জানান, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে তিনি দিল্লি যাচ্ছিলেন। তবে তার আগেই এই সংক্ষিপ্ত কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে।
ভিডিওটি দেখার পর অনেকেই অক্ষয়ের রসবোধের প্রশংসা করেছেন। কেউ কেউ তার জনপ্রিয় চরিত্র রাজুর কথা স্মরণ করেছেন। দর্শকদের মতে, বাস্তব জীবনেও অক্ষয়ের উপস্থিত বুদ্ধি এবং মজার মন্তব্য তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, যেন আবারও রাজু চরিত্রের সেই পরিচিত মেজাজে ফিরে গেছেন অভিনেতা।
এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। বর্তমানে তিনি তার নতুন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। হাস্যরস ও অ্যাকশনে ভরপুর এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, লারা দত্ত, পরেশ রাওয়াল ও জনি লিভারসহ আরও অনেক তারকা। নির্মাতা আহমেদ খানের পরিচালনায় নির্মিত ছবিটি চলতি মাসের ২৬ জুন মুক্তির কথা রয়েছে।
বিমানবন্দরের কয়েক সেকেন্ডের একটি মজার মুহূর্তই আবারও মনে করিয়ে দিল, পর্দার বাইরেও অক্ষয় কুমার তার সহজাত রসবোধ দিয়ে ভক্তদের বিনোদিত করতে জানেন।
এসএ/টিকে