© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সময় রায়নার খোঁচায় বিরক্ত আলিয়া ভাট

শেয়ার করুন:
সময় রায়নার খোঁচায় বিরক্ত আলিয়া ভাট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৮ পিএম | ২১ জুন, ২০২৬
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কৌতুকশিল্পী সময় রায়নার। একের পর এক আলোচিত ঘটনার পর এবার তার শোকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে। নতুন ছবি ‘আলফা’র প্রচারে সময় রায়নার জনপ্রিয় কৌতুকভিত্তিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ। কিন্তু সেই পর্বের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল সমালোচনা।

শোয়ের শুরু থেকেই আলিয়াকে লক্ষ্য করে একের পর এক খোঁচা দিতে দেখা যায় সময় রায়নাকে। কখনও তার অভিনয়জীবন, কখনও আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতি, আবার কখনও ব্যক্তিগত বিষয় নিয়েও মন্তব্য করেন তিনি। রসিকতার মোড়কে করা এসব মন্তব্যের কিছু অংশ দর্শকের কাছে বিনোদন হিসেবে ধরা দিলেও, অনেকের কাছে তা সীমা অতিক্রম করেছে বলেই মনে হয়েছে।

সম্প্রতি ফ্রান্সের কান উৎসবে অংশ নেওয়া নিয়ে আলোচনায় ছিলেন আলিয়া। সেই প্রসঙ্গ টেনে সময় মন্তব্য করেন, এই অনুষ্ঠানে অন্তত ক্যামেরাগুলো তার দিকেই তাক করা আছে। শুধু তাই নয়, নিজের অনুষ্ঠানে আলিয়ার উপস্থিতিকে শোয়ের জন্য গর্বের হলেও অভিনেত্রীর ক্যারিয়ারের জন্য সবচেয়ে খারাপ সময় বলে মন্তব্য করতেও দেখা যায় তাকে।



একপর্যায়ে আলিয়ার সাধারণ জ্ঞান নিয়েও রসিকতা করেন সময়। পাশাপাশি মজার ছলে জানান, তিনি আলিয়ার চেয়ে তার স্বামী রণবীর কাপুরের বড় ভক্ত। পুরো পর্বজুড়ে এমন নানা মন্তব্যে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় অভিনেত্রীকে।

শেষ পর্যন্ত পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, আলিয়া সরাসরি বলে বসেন, এই অনুষ্ঠানে আসাটাই তার ভুল হয়েছে। তবে সেখানেও থামেননি সময়। পাল্টা মন্তব্য করে তিনি বলেন, ঠিক যেমন তিনি আলিয়ার একটি ছবি দেখে ভুল করেছিলেন।

এই কথোপকথনের ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আলিয়ার ভক্তদের বড় একটি অংশ সময় রায়নার সমালোচনায় মুখর হয়েছেন। তাদের দাবি, কাউকে ছোট করে বা অপমান করে হাস্যরস তৈরি করা প্রকৃত কৌতুক নয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে এভাবে প্রকাশ্যে বিব্রত করা কতটা গ্রহণযোগ্য।

অন্যদিকে, সময় রায়নার সমর্থকদের একটি অংশের দাবি, অনুষ্ঠানটির মূল ধরণই হলো ব্যঙ্গ ও খোঁচা-নির্ভর হাস্যরস। তাই এসব মন্তব্যকে সেই প্রেক্ষাপটেই দেখা উচিত। তবে বিতর্ক যেদিকেই গড়াক না কেন, শোয়ের কয়েকটি মুহূর্ত ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আর সেই সূত্রে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সময় রায়না ও আলিয়া ভাট।

এসএ/টিকে

মন্তব্য করুন