© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবা দিবসবাবার ত্যাগ ও স্মৃতি নিয়ে আপ্লুত তারকারা

শেয়ার করুন:
বাবার ত্যাগ ও স্মৃতি নিয়ে আপ্লুত তারকারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ পিএম | ২১ জুন, ২০২৬
জীবনের প্রথম নায়ক, প্রথম ভরসা এবং প্রথম নিরাপদ আশ্রয়ের নাম বাবা। সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের স্বপ্ন-সাধ বিসর্জন দিতেও যিনি দ্বিধা করেন না, তিনি বাবা। সেই নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার পালিত হয় বিশ্ব বাবা দিবস।এ উপলক্ষে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও স্মরণ করেছেন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে আবেগঘন স্মৃতি, ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন তারা।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাবার আত্মত্যাগের এক অনন্য গল্প তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘১৯৯৩ সালে যখন আব্বুর ব্যবসা থেকে মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা, তখন তিনি আমাকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন। কারণ তাঁর একটাই স্বপ্ন ছিল তাঁর ছেলে একদিন বড় হবে, ভালো কিছু করবে আর সবার থেকে আলাদা হবে। তিনি নিজের বাস্তবতা দেখেননি, দেখেছিলেন আমার সম্ভাবনা।’

তৌসিফ আরও বলেন, ‘আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তাঁর অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। কারণ তিনি বিশ্বাস করতেন, শিক্ষা খরচ নয়, এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ। আজ আমি তাঁর সেই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছি জানি না, কিন্তু একটা বিষয় নিশ্চিত—আজ আমি যা, তার ভিত্তিটা গড়ে দিয়েছেন আমার আব্বু। তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। তিনিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, বড় করে ভাবতে শিখিয়েছেন। সীমাবদ্ধতার ভেতর থেকেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। শুভ বাবা দিবস। আজীবন বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা।’

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবীর তার বাবাকে জীবনের সবচেয়ে বড় শক্তির জায়গা উল্লেখ করে লিখেছেন, ‘সেই মানুষটিকে বাবা দিবসের শুভেচ্ছা, যিনি কখনোই শুধু আমার বাবা হয়ে থাকেননি; আপনি সবসময় আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়, আমার সবচেয়ে বড় সমর্থক এবং আমার বন্ধু। জীবনকে সহজ, উজ্জ্বল এবং ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, বাবা।’



এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ তার বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন একেবারেই ভিন্ন আঙ্গিকে। এক লাইনের এক গভীর অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আব্বার গায়ের গন্ধটা আমার কাছে খুব আপন।’

অভিনেত্রী শবনম ফারিয়া তার বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি। জীবনের নানা উত্থান-পতনের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আর সবার মতো আমার জীবনেও অসংখ্য ধাক্কা, উত্থান-পতন, না-পাওয়া, ধোঁকা আর প্রতারিত হওয়ার গল্প আছে। কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা হলো আমার বাবার গল্প, আমাকে আকাশে ডানা মেলতে দেওয়ার গল্প, আমার কোনো চাওয়া অপূর্ণ না রাখার গল্প।’

বাবার মৃত্যুর পর তৈরি হওয়া শূন্যতার কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমার দাদী সবসময় আমাকে ডাকেন আমার ছেলের কলিজা। কিন্তু দাদু হয়তো জানেন না, তাঁর ছেলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর নাতনির কলিজার একটা অংশও চলে গেছে। যতদিন বেঁচে থাকব, সেই শূন্যতাটা আর কখনো পূরণ হবে না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’ তবে জীবনের নতুন অধ্যায়ের কথা উল্লেখ করে ফারিয়া আরও বলেন, ‘তবে আল্লাহ মানুষের জীবন থেকে কিছু নিয়ে নিলে, কোনো না কোনোভাবে কিছু ফিরিয়েও দেন। গত বছর থেকে আমার জীবনে আরেকজন বাবা এসেছেন। দীর্ঘ ৮ বছর পর আমি আবার কাউকে “আব্বু” বলে ডাকতে পারি, আমার শ্বশুরকে। তানজিমকে পাওয়ার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো, আমি আরেকটা বাবা পেয়েছি। সব বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা!’

জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস তার বাবার হাত ধরেই রুপালি পর্দায় আসার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘তাঁরই কল্যাণে, তাঁরই আশীর্বাদে চলচ্চিত্র পরিচালক হয়েছি! সেই সুবাদে অনেক নায়কদের সাথেই কাজ করার সৌভাগ্য হয়েছে! কিন্তু আমার জীবনে আসল নায়ক তিনিই—আমার বাবা। সবাইকে "বিশ্ব পিতৃদিবস" এর শুভেচ্ছা।’

নির্মাতা আশফাক নিপুণ ১৯৭৬ সালের তার বাবার একটি চমৎকার ছবি পোস্ট করে স্মৃতিকাতর হয়ে লিখেছেন, ‘১৯৭৬ সালে আমার বাবা; যতটা হ্যান্ডসাম, স্মার্ট ও সাহসী হওয়া সম্ভব, ঠিক ততটাই ছিলেন! শুভ বাবা দিবস আব্বা। স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করুন এবং প্রতিদিন একজন ভালো মানুষ হতে সাহায্য করুন, যেন আমি আপনাকে আগের চেয়েও বেশি গর্বিত করতে পারি। তোমাকে অনেক ভালোবাসি ও মিস করি।’

জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন বাবার জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী সাগীরা, পৃথিবীর সব বাবা সুস্থ ও ভালো থাকুক। বিশ্ব বাবা দিবস।’

অন্যদিকে ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ তার বাবার সুস্থতা কামনা করে লিখেছেন, ‘আল্লাহর কাছে সবসময় আপনার সুস্থতা কামনা করি আব্বা, বাবা দিবসে সকল বাবাকে জানাই শ্রদ্ধা।’ এছাড়া অভিনেত্রী কেয়া পায়েলও বাবার সাথে একটি মিষ্টি ছবি পোস্ট করে ক্যাপশনে শুধু ‘বাবা’ লিখে তাঁর গভীর ভালোবাসা প্রকাশ করেছেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন