© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জমি বিরোধে পঙ্কজ ত্রিপাঠির ভাইয়ের ওপর নৃশংস হামলা

শেয়ার করুন:
জমি বিরোধে পঙ্কজ ত্রিপাঠির ভাইয়ের ওপর নৃশংস হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২১ পিএম | ২২ জুন, ২০২৬
বিহারের পৈতৃক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বড় ভাই বিজেন্দ্রনাথ তিওয়ারির ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। লাঠি ও লোহার রড দিয়ে চালানো ওই হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি।

এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে বিহারের গোপালগঞ্জ জেলার বারৌলি থানার অন্তর্গত বেলসান্দ গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই স্থানীয় কয়েকজনের সঙ্গে বিজেন্দ্রনাথ তিওয়ারির জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোপালগঞ্জ মডেল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে পাটনার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার বিনয় তিওয়ারির নির্দেশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত এক প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার বিনয় তিওয়ারি সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিযুক্তদের একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ জমা পড়লে সেই অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ ও এতে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও অব্যাহত রয়েছে।

এসএন 

মন্তব্য করুন