© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

শেয়ার করুন:
কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৯ পিএম | ২২ জুন, ২০২৬
কাঠগড়ায় দাঁড়িয়ে হুমকির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে হুমকি দেন বলে জানা গেছে।

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে জেলে আছি। কোন আদালতের কোন বিচারক, কোন আইন কর্মকর্তা কি করতেছে তা, কারাগারের একটা লাল খাতা ও একটা সবুজ খাতায় সংরক্ষণ করে রাখছি।’

সোমবার (২২ জুন) দুপুরে হাসানুল হক ইনু ও রাসেদ খান মেননকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে হাজির করা হয়।

এরপর জুলাই আন্দোলনের সময় রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যাচেষ্টা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হারুন অর রশিদ আসামিদের গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

রাষ্ট্র ও আসামিপক্ষের বক্তব্য শেষে হাসানুল হক ইনু আদালতের অনুমতি নিয়ে বলেন, ‘আজ আমাদেরকে দীর্ঘ চার ঘণ্টা ধরে সিএমএম কোর্টের হাজতখানায় রাখা হয়।’

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি আদালতকে বলেন, ‘দীর্ঘদিন ধরে কারাগারে আছি। এই আদালতের কোন বিচারক, কোন আইন কর্মকর্তা কি করতেছে, তা কারাগারে একটা লাল খাতা ও একটা সবুজ খাতায় সংরক্ষণ করে রাখছি।’

ইনু আরও বলেন, ‘বর্তমানে বিচার ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা শাখা হিসেবে কাজ করছে।’

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামি ইনুকে থামাতে বলেন। কিন্তু ইনু না থেমে রাষ্ট্রপক্ষের ওই আইনজীবীকে বলেন, ‘আপনি চুপ করেন।’ এরপর ইনু ও আইনজীবীর বাকবিতণ্ডা হয়।

এসময় রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আসামির আদালত অবমাননার অভিযোগ তুলে হাসানুল হক ইনুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিবেন বলে জানান আদালত। এরপর মামলাটিতে ইনু ও মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এসব বিষয় নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি আসামি হাসানুল হক ইনু রীতিমত আজ আদালতসহ আমাদের সবাইকে হুমকি দিয়েছেন। আমাদের ভূমিকা কি তা নাকি তিনি কারাগারে বসে একটি লাল খাতা ও একটি সবুজ খাতায় লিখে রাখেন। বিচার ব্যবস্থা নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি শাখায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করি। শুনানি শেষে আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।’

এদিকে গ্রেপ্তার দেখানো মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মিছিলরত অবস্থায় চানখারপুল মোরের নাজিমউদ্দীন রোডে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি বাদী হয়ে মোখলেছিন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর হাসানুল হক ইনু ও মেনন বিভিন্ন মামলায় গ্রেপ্তারসহ কয়েক দফায় রিমান্ডে গেছেন। বর্তমানে তারা কারাগারে আছেন।

এমআই/টিএ

মন্তব্য করুন