© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে: পূর্ণিমা

শেয়ার করুন:
মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে: পূর্ণিমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ পিএম | ২৩ জুন, ২০২৬
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাংলাদেশের বিনোদন অঙ্গনেও সেই উন্মাদনা ছুঁয়েছে। প্রিয় দলকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব আছেন তারকারা। তাঁদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

আর্জেন্টিনার জয়ের পর নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। আকাশি-সাদা জার্সিতে তোলা ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে, আর আর্জেন্টিনাই আমাকে চিরদিনের জন্য ভালোবাসায় আটকে রেখেছে।’ পূর্ণিমার এই পোস্টে দেড় লাখের বেশি রিঅ্যাকশন এসেছে, মন্তব্য করা হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার এবং পোস্টটি শেয়ার হয়েছে ছয় শতাধিক।



পূর্ণিমার স্বামী আশফাকুর রহমানও আর্জেন্টিনার সমর্থক। জানা গেছে, গতকাল সোমবার রাতে স্বামী ও কাছের কয়েকজন বন্ধুসহ ঢাকার শাহীনবাগ এলাকার একটি রেস্টুরেন্টে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার খেলা উপভোগ করেছেন পূর্ণিমা।

প্রথম আলোর সঙ্গে আলাপে পূর্ণিমা বলেন, ‘ছোটবেলা থেকে আর্জেন্টিনার ফুটবল খেলা দেখি। তবে আর্জেন্টিনার প্রতি প্রেম বলি, ভালোবাসা বলি—এটা বাড়িয়েছেন মেসি। অভিষেক থেকে মেসি তাঁর খেলায় মুগ্ধ করেছেন। গতকালের খেলাও দারুণ উপভোগ করেছি। মেসি কী অসাধারণ দুটি গোল করেছেন। মেসির কারণে দলটার প্রতিও আমার ভালোবাসা দিনকে দিন বেড়েছে।’


পূর্ণিমার ফেসবুক পোস্টে এটা পরিষ্কার, আর্জেন্টিনা ও মেসির প্রতি তাঁর ভালো লাগা এবং ফুটবলের প্রতি ভালোবাসার গল্পও। একসময় লিওনেল মেসির প্রতি মুগ্ধতা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করা শুরু করেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সেই ভালোবাসা ছড়িয়ে পড়ে পুরো দল, তাদের সংস্কৃতি ও ফুটবল ঐতিহ্যের প্রতি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূর্ণিমা আর্জেন্টিনার জার্সি পরে দুটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলোর একটিতে দেখা যায়, রেস্তোরাঁয় বসে খেলা উপভোগ করছেন পূর্ণিমা। আর্জেন্টিনার জার্সিতে হাস্যোজ্জ্বল এই নায়িকার সামনে টেলিভিশনের পর্দায় চলছিল ম্যাচ। অন্য ছবিতে কেক ও ফুলের তোড়া নিয়ে উদ্‌যাপনের মুহূর্তে ধরা দিয়েছেন তিনি।

গতকাল সোমবার রাতে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলতে নামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত এই ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ৩২–এ জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দুই গোলই করেছেন লিওনেল মেসি।

টিজে/টিএ 

মন্তব্য করুন