‘কথিত স্বামী’ নিউজ দেখে আমার মা অসুস্থ হয়ে গেছে: ববি
ছবি: সংগৃহীত
০৮:৪৯ পিএম | ২৩ জুন, ২০২৬
‘কথিত স্বামী’ বলা হচ্ছে এটা ভিত্তিহীন, মিথ্যা। যখন আমাকে নিয়ে এইসব বলা হচ্ছিলো তখন বিষয়টিকে আমি গুরত্ব দেয়নি। কিন্তু আমার পরিবার দেশের বাইরে থাকে। তাদের অনেক খারাপ লেগেছে। তারা তো বোঝে না কোনটা সঠিক সংবাদ আর কোনটা ভিত্তিহীন। সাংবাদিকতা মহান পেশাকে কতিপয় মানুষ ছোট স্থানে নিয়ে যাচ্ছে। এতে করে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও বেশি সমস্যা তৈরি হচ্ছে।
সোমবার (২২ জুন) বিকেলে এফডিসিতে ক্ষোভ ঝেড়ে দেশের একটি গণমাধ্যমকে বলেন ঢাকাই সিনেমার ‘বিজলী’ খ্যাত অভিনেত্রী ববি।
দুদিন আগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে গুলশান থানার পুলিশ। এরপর থেকে রটানো হয়েছে ওই ব্যক্তি চিত্রনায়িকা ববির স্বামী। এ প্রসঙ্গে ববি বলেন, ‘ওই ব্যক্তি স্বামী এমন নিউজ দেখে আমার মা অসুস্থ হয়ে গেছে। বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে বিষয়টি ফেইক। তবে যারা ফেইক নিউজ ছড়াচ্ছেন তারা বন্ধু বা বয়ফ্রেন্ড না বলে স্বামী কেন বলছেন সেটাও বুঝতে পারছি না। তবে আমি মনে করি, ওই ব্যক্তি আমার সিনেমার আংশিক প্রযোজক ছিল এজন্যই হয়তো নিউজগুলো ছড়ানোর জন্য এটা কেউ কেউ করেছে। অবশ্য স্বামী ট্যাগ দিয়ে করাতে হয়তো ভিউ বেশি হচ্ছে।’
বিশেষ করে কথিত স্বামী প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন ববি। তিনি বলেন, কেউ যদি প্রমাণ করতে পারে ওই ব্যক্তি আমার স্বামী তাহলে সে যা চাইবে তাই দেব। ওই কোম্পানির সাথে আমার অফিসিয়াল কোনো সম্পর্ক নেই। যতটুকু ছিল কাজের সম্পর্ক। কোনো অফিসে গেলে শিল্পী হিসেবে সম্মান জানিয়ে চেয়ার ছেড়ে দেয়। সেই ছবিগুলো ব্যবহার করে মিথ্যাভাবে কিছু খবর ছড়ানো হয়েছে, এটা সম্পূর্ণ ফেইক।

তিনি আরও বলেন, একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা বা গুজব ছড়ানোর চেয়ে তার কাজকে গুরুত্ব দেয়া উচিত। ভবিষ্যতেও তিনি অভিনয় ও চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান বলেও জানান।
এদিকে জানা গেছে, ‘বিজলী’খ্যাত এই অভিনেত্রী শিবা-জয় প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন। দশ বছর আগে শাকিব-মিশা প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন। সেই ভাবনা থেকে চলচ্চিত্রের মানুষদের পাশে থেকে কাজ করার ইচ্ছা হয়েছে, এজন্যই নির্বাচনে অংশ নিচ্ছি।
উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ-দি সার্চ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন ববি। এরপর ‘দেহরক্ষী’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এক সময় ঢাকাই সিনেমার নিয়মিত মুখ ছিলেন ইয়ামিন হক ববি। বেশ কয়েকটি ব্যবসাসফল ও আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।
এমআর/টিএ