© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিব খানের সোলজারে ক্যামিও দিয়েছেন এবিএম সুমন

শেয়ার করুন:
শাকিব খানের সোলজারে ক্যামিও দিয়েছেন এবিএম সুমন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ পিএম | ২৪ জুন, ২০২৬
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত সোলজার সিনেমার শেষ ধাপের শুটিং। গেল এক সপ্তাহ ধরে সেখানে শুটিং চলছে বলে জানা গেছে সোলজার টিমের বরাতে। এতে অংশ নিয়েছেন শাকিব খানসহ একাধিক তারকা। 

বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশীকে। তারাও সিনেমার শুটিংয়ে সেখানে অবস্থান করছিলেন। আজ পুরো টিমের দেশে ফেরার কথা রয়েছে। 

শাকিব খান ও তানজিন তিশা ছাড়া সিনেমাটিতে আর কারা অভিনয় করছেন, সে বিষয়ে চূড়ান্ত কিছুই জানানো হয়নি। এবার জানা গেল সিনেমাটির থাইল্যান্ড পার্টের শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা এবিএম সুমন। বিষয়টি পরিচালকও সমকালকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে এবিএম সুমনকে দেখা যাবে, যার উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করবে। 



জানা গেছে, থাইল্যান্ডে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যে শাকিব খানের সঙ্গে অংশ নিয়েছেন সুমন। তাদের লুক আরও নিখুঁত ও আন্তর্জাতিক মানের করে তুলতে মুম্বাই থেকে আবারও উড়িয়ে আনা হয়েছে খ্যাতিমান মেকআপ আর্টিস্ট অমিত আম্বারকরকে।

সোলাজারে অভিনয় প্রসঙ্গে সুমন বলেন, ‘সিনেমায় আমার চরিত্রটি ইন্টারেস্টিং। ক্যামিও চরিত্র। এর বাইরে কিছু বলার অনুমতি নেই। শুধু বলছি, সোলজারে আমি আছি।’ এবিএম সুমন ২০১৭ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ ছবি দিয়ে দারুণ আলোচিত হন। এরপর ‘এম আর নাইন’ সিনেমাতে দেখা গেছে তাঁকে। অভিনয় করেছেন ঢাকা অ্যাটাক নির্মাতা দীপংকর দীপনের অন্তর্জাল সিনেমাতেও। এবার তাঁকে দেখা যাবে সোলজারে। 

গত বছরের অক্টোবরে শুরু হয় সোলজার সিনেমার শুটিং। শুরুতে চলতি বছরের শেষে মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। তবে নির্মাতা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই সিনেমাটি দর্শকদের সামনে আনা হবে। সাকিব ফাহাদ বলেন, সিনেমাটি সঠিকভাবে শেষ করাই এখন আমাদের মূল লক্ষ্য। অক্টোবর কিংবা ডিসেম্বর– দুই সময়ই বিবেচনায় রয়েছে। তিনি আরও বলেন, ভালো সিনেমা শুধু উৎসবেই নয়, সারা বছর মুক্তি পাওয়া উচিত। দর্শক ও হল মালিকদের প্রত্যাশা মাথায় রেখেই আমরা সময় নির্ধারণ করব। 

গত বছর শুটিং শুরুর সময় একটি মোশন ভিডিও প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল সোলজার সিনেমার। ৩৪ সেকেন্ডের সেই ভিডিওতে জানানো হয়, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের সংগ্রামের গল্প নিয়েই সোলজার। ভিডিওর শেষ দিকে এক ঝলক দেখা যায় শাকিব খানকে। এলোমেলো চুল-দাড়ি, কপাল ও মুখে আঘাতের চিহ্ন, চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। ঠিক সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে শাকিবের কণ্ঠে শোনা যায়, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি।’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ।

এসএ/টিকে

মন্তব্য করুন