ইরানের ওপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব জাতিসংঘে প্রত্যাখ্যান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রস্তাব ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। মার্কিন প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদে মাত্র দুটি ভোট পড়েছে। আবার বিপক্ষেও পড়েছে দুটি ভোট। আর এতেই মুখ থুবড়ে পড়েছে মার্কিন নিষেধাজ্ঞা।
রুশ সংবাদমাধ্যম তাস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অস্ত্র ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব করে। কিন্তু ওই প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া ও চীন। আর প্রস্তাবের পক্ষে ভোট দেয় আমেরিকা ও ডোমিনিকান রিপাবলিক।
ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের বাকী ১১টি দেশ নিজেদের বিরত রাখে। এতে করে ইরানের বিরুদ্ধে উত্থাপিত মার্কিন প্রস্তাব মুখ থুবড়ে পড়ে।
করোনাভাইরাসের প্রকোপের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার রাতে ভার্চুয়াল মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় এখন পরমাণু সমঝোতার ভিত্তিতে চলতি বছরের অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞাও উঠে যাবে। তাই এমন পরিস্থিতিতে বেশ বিব্রতকর পরিস্থিতিতেই পড়েছে ট্রাম্প প্রশাসন।

তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি গৃহিত না হলেও যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
প্রসঙ্গত, ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বলা হয়েছিল, ২০২০ সালের অক্টোবর মাসে তেহরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। এর ফলে ইরান আগামী অক্টোবর মাস থেকে বহির্বিশ্বের সঙ্গে সমরাস্ত্র ক্রয়-বিক্রয় করতে পারবে।
টাইমস/এসএন