© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘পাঠানদের বলে দিও, চৌহান আসছে’, টিজারে অজয়

শেয়ার করুন:
‘পাঠানদের বলে দিও, চৌহান আসছে’, টিজারে অজয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৭ পিএম | ২৬ জুন, ২০২৬
প্রয়াত বাবা ও কিংবদন্তি অ্যাকশন পরিচালক বীরু দেবগনের জন্মবার্ষিকীতে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন বলিউড তারকা অজয় দেবগন। এদিন প্রকাশ করা হয়েছে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘চৌহান’-এর প্রথম টিজার।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিজারটি প্রকাশ করেন অজয়। মুক্তির পরপরই এটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। টিজারে কাশ্মীরের দীর্ঘদিনের সংঘাতকে পটভূমি হিসেবে তুলে ধরা হয়েছে, যার আবহে হাজির হন অজয় দেবগন।

ভিডিওর শুরুতেই একটি গম্ভীর কণ্ঠে কাশ্মীরের কয়েক দশকের রক্তক্ষয়ী সংঘাতের কথা শোনা যায়।

এরপর উত্তেজনাপূর্ণ আবহে পর্দায় অজয়ের আবির্ভাব, আর সঙ্গে শোনা যায় সিনেমার শক্তিশালী সংলাপ— ‘পাঠানদের বলে দিও, চৌহান আসছে।’ এই সংলাপই ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

টিজারের সঙ্গে নির্মাতারা লিখেছেন, ‘বীরু দেবগনজির জন্মবার্ষিকীতে আমাদের ওজি অ্যাকশন স্টার অজয় দেবগনকে বড় পর্দায় নিয়ে আসছি। ১ অক্টোবর ২০২৭-এ সিনেমা হলে দেখা হবে।

নির্মাতাদের দাবি, ‘চৌহান’ একটি দেশাত্মবোধক অ্যাকশন সিনেমা। এতে দর্শকরা ‘পাঠান বনাম চৌহান’-এর এক তুমুল সংঘর্ষের গল্প দেখতে পাবেন।

শুধু নতুন সিনেমার ঘোষণা নয়, বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে অজয় দেবগন একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিওও শেয়ার করেছেন। সেখানে বীরু দেবগন জানান, একসময় তিনি নিজে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। যদিও পরে সেই স্বপ্ন থেকে সরে আসেন।

তবে ছেলের জন্মের পর থেকেই তার বিশ্বাস ছিল, অজয় একদিন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা হবেন।

বাবার সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়েছেন অজয় দেবগন। আর এবার বাবার জন্মবার্ষিকীতেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন অবতারে পর্দায় ফিরছেন ‘চৌহান’ হয়ে।

এসএন 

মন্তব্য করুন