© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্ডারওয়ার্ল্ডের ভয়েই কি বলিউড ছেড়েছিলেন কমল হাসান?

শেয়ার করুন:
আন্ডারওয়ার্ল্ডের ভয়েই কি বলিউড ছেড়েছিলেন কমল হাসান?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৯ পিএম | ২৬ জুন, ২০২৬
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা কমল হাসান। অভিনয়ের জাদুতে তিনি যেমন মাতিয়েছেন তামিল ইন্ডাস্ট্রি, তেমনই একসময় ঝড় তুলেছিলেন বলিউডেও। ১৯৭৪ সালে ‘আইনা’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় তার পথচলা শুরু। এরপর ১৯৮১ সালে ‘এক দুজে কে লিয়ে’ ছবিতে রতি অগ্নিহোত্রীর বিপরীতে অভিনয় করে রাতারাতি হিন্দি বলয়ের তারকা হয়ে ওঠেন তিনি। একে একে উপহার দেন ‘সনম তেরি কসম’, ‘ইয়ে তো কমাল হো গয়া’, ‘জ়রা সি জ়িন্দেগি’ কিংবা শ্রীদেবীর সঙ্গে কালজয়ী ছবি ‘সদমা’।

কিন্তু আকাশছোঁয়া সাফল্য আর জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও বলিউডে নিজের জায়গা তৈরি করেননি এই তামিল তারকা। হিন্দি সিনেমার তুমুল জাঁকজমক আর গ্ল্যামার কেন তাকে আকর্ষণ করতে পারেনি, তা নিয়ে পরবর্তীকালে নিজেই মুখ খুলেছেন অভিনেতা। আর সেখানে উঠে এসেছে তৎকালীন বলিউডের অন্ধকার জগতের কিছু চাঞ্চল্যকর তথ্য।



কমল হাসান জানান, সেই সময়ে বলিউডের তারকাদের জীবনযাত্রার সঙ্গে তার যাপনের আকাশ-পাতাল তফাত ছিল। ২০১৭ সালের এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘সেই সময়টা ছিল অন্য রকম। হিন্দি ছবির তুলনায় আমি দরিদ্রই ছিলাম। নিজের কাপড় নিজেকেই ধুয়ে নিতে হত। বলি তারকারা ছিলেন ধনী। একসঙ্গে ছ’টি ছবিতে কাজ করতেন। সেটা আমার ভাল লাগত না। এটাই ছিল অন্যতম কারণ।’

বলিউড থেকে দূরত্ব বজায় রাখার পেছনে কেবল জীবনযাত্রার বৈষম্যই নয়, বরং মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর আন্ডারওয়ার্ল্ডের কালো ছায়াও বড় কারণ ছিল বলে জানান এই অভিনেতা। তখনকার হিন্দি সিনেমা জগতে কালো টাকার রমরমাই তাকে ব্যথিত করেছিল।

এই প্রসঙ্গে কমল হাসান বলেছিলেন, ‘ওখানে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ ছিল। আমি থাকতে চাইনি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কালো টাকার সঙ্গে কোনও সম্পর্ক রাখব না। আমি এতেই খুশি ছিলাম। সাধারণ গাড়িতে চলাফেরা করেছি, তাতে সমস্যা হয়নি।’ মূলত সততা আর নিজস্ব নীতিতে অটল থাকতেই বলিউডের মোহ ত্যাগ করে চেন্নাইয়ে ফিরে যান তিনি।

এসএন  

মন্তব্য করুন