© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ফতোয়ার’ জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ‘সংসদেই দেয়া হয়’: শাহজাহান চৌধুরী

শেয়ার করুন:
‘ফতোয়ার’ জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ‘সংসদেই দেয়া হয়’: শাহজাহান চৌধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৮ পিএম | ২৭ জুন, ২০২৬
ইসলামী ব্যাংক নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘জামায়াতে ইসলামীও ইসলাম নয়’ মন্তব্যের জবাব দিতে গিয়ে সংসদে ‘ফতোয়া’ প্রসঙ্গ তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

তিনি বলেছেন, ‘আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আমাদের চট্টগ্রামে একটা কথা এসেছে, কয় যে ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞাস করলাম কেন? কয় যে, ফতোয়া তো আপনারদের এই পার্লামেন্টে দেয়া হয়।’

‘ফতোয়া কী রকম, ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়। জামায়াতে ইসলামীকে জানতে হলে এক শ বছরের ইতিহাস জানতে হবে। জামাতে ইসলামী কি ইসলামী দল না অন্য কিছু সেটা আর ফতোয়া দেয়ার দরকার নাই।’

তাঁর বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়ায় বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, ইসলাম নিয়ে কথা বাড়িয়ে সংসদ ‘উত্তপ্ত’ করতে চান না; তবে ১৯৭১ সালের প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এ পাল্টাপাল্টি বক্তব্য আসে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

গত ৯ জুন সংসদে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’

সেদিন তিনি বলেছিলেন, ‘সুতরাং সবকিছুতে ইসলামের ওপর হাত দেবেন না, দোহাই দেয়া কিন্তু ঠিক নয়।’

বাজেট আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সেই বক্তব্যের জবাব দেন। তাঁর বক্তব্যে ইসলামী ব্যাংক, জামায়াতের রাজনৈতিক পরিচয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং একাত্তর পরবর্তী রাজনৈতিক বিতর্ক একসঙ্গে উঠে আসে।

তিনি বলেন, ‘আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারী যাব না। ফতোয়ার জন্য পটিয়াও যাব না। ফতোয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব।’

এমআর/টিএ  

মন্তব্য করুন