‘হেডলাইন’-এ অপূর্ব-ইয়াশের সঙ্গে আছেন চঞ্চলও
ছবি: সংগৃহীত
০৬:৩০ পিএম | ২৭ জুন, ২০২৬
ফের ওটিটিতে এলেন জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার হইচইতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘হেডলাইন’। এতে তার সঙ্গে আছেন ইয়াশ রোহান। রয়েছেন আফসান আরা বিন্দু, শ্যামল মাওলা, সারিকা সাবরিন, ফারহানা হামিদসহ অনেকে।
কিন্তু মুক্তির আগ পর্যন্ত যার কথা রাখা হয়েছে গোপন, এবার তিনিই এলেন সামনে। ‘হেডলাইন’-এ আছেন দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরীও। শনিবার দুপুরে অপূর্ব ও ইয়াশের সঙ্গে তার কিছু ছবি পোস্ট করে খবরটি জানিয়েছে হইচই। আর সে পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ক্ষমতা, প্রভাব আর অজানা সমীকরণের মাঝে, এবার পরিচয় হোক জুনায়েদ জামশেদের সাথে।’

বোঝা গেল, সিরিজে জুনায়েদ জামশেদ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। যে ক্ষমতা আর প্রভাবের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। চঞ্চলের কথা আড়াল রাখার বিষয়ে হইচই কর্তৃপক্ষ জানাল, সিরিজে এমন আরও কয়েকটা সারপ্রাইজ আছে। যেগুলো দর্শক সিরিজটা দেখলেই টের পাবেন। আর সারপ্রাইজ দেয়ার জন্যই মূলত চঞ্চলসহ তাদের কথা গোপন রাখা হয়েছে।
সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই, অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনের গল্প ‘হেডলাইন’। ৮ পর্বের সিরিজটি বানিয়েছেন সালেহ সোবহান অনীম।
এসএ/টিএ