পররাষ্ট্রমন্ত্রীর ‘ভিক্ষার ঝুলি’ বক্তব্যের কড়া জবাব দিলেন রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত
০৫:৫১ পিএম | ২৯ জুন, ২০২৬
প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ‘ভিক্ষার ঝুলি’ বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, আমরা কেউ আশা করি না দেশের মন্ত্রীরা বাইরে ভিক্ষার ঝুলি হাতে যাবেন, তবে বাস্তবতার ব্যাপারে চোখ বন্ধ করে থাকলেও চলবে না।
সোমবার (২৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে বাজেট ও প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যখন সাংবাদিকরা চীন সফর নিয়ে প্রশ্ন করেছিলেন, তিনি সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তির সঙ্গে বলেছিলেন যে আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে? না মাননীয় স্পিকার, আমরা কেউ আশা করি না যে বাংলাদেশের মন্ত্রী-মিনিস্টাররা দেশের বাইরে ভিক্ষার ঝুলি হাতে ভিক্ষা করতে যাবেন। তবে একই সঙ্গে বাস্তবতার ব্যাপারে চোখ বন্ধ করে থাকলেও তো হবে না।
দেশের বর্তমান অর্থনৈতিক সংকট তুলে ধরে তিনি বলেন, এই বাজেটে আমাদের ঘোষিত ঘাটতিই হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। একই সঙ্গে গত চার বছর ধরে বাংলাদেশ চলমান উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরগতি, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, রাজস্ব আহরণে বড় ঘাটতি, খেলাপি ঋণের বৃদ্ধি, ব্যাংকের তারল্য সংকট এবং জ্বালানি সরবরাহে অব্যাহত সীমাবদ্ধতার মুখোমুখি।
বাজেট ঘাটতি মেটাতে বিদেশী ঋণের ওপর নির্ভরশীলতার কথা উল্লেখ করে রুমিন ফারহানা স্পিকারের মাধ্যমে জানতে চান, প্রধানমন্ত্রীর চীন সফর থেকে ঋণের কোনো আশ্বাস পাওয়া গেছে কিনা এবং পেয়ে থাকলে সেই ঋণের আশ্বাসের পরিমাণ কত কিংবা চীন বাংলাদেশে নতুন কোনো বিনিয়োগ করবে কিনা।
তিনি আরও বলেন, প্রতিবছরই বাজেট দেয়ার সময় আমরা নির্ঝরের মতন স্বপ্ন দেখি এবং সারা বছর ধরে সেই স্বপ্ন ভঙ্গের ফল আমাদের ভোগ করতে হয়। এবার ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যেখানে আয় মাত্র ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। কিন্তু এই লক্ষ্যমাত্রার রাজস্ব কোনো বছরই আদায় করা যায় না, ফলে ঘাটতি বাড়তেই থাকে।
এসএন