© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা হতে চান না আকাঙ্ক্ষা, ভাঙছে অভিনেত্রীর ৯ বছরের সংসার

শেয়ার করুন:
মা হতে চান না আকাঙ্ক্ষা, ভাঙছে অভিনেত্রীর ৯ বছরের সংসার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৫ পিএম | ৩০ জুন, ২০২৬
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না ও অভিনেত্রী আকাঙ্ক্ষার প্রায় এক দশকের দাম্পত্য জীবনে ভাঙনের সুর। ২০১৬ সালের ২৪ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতি এবার বিচ্ছেদের পথে হাঁটছেন। আর এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে সন্তান নেওয়ার বিষয়ে দুজনের ভিন্ন মত।

সম্প্রতি ‘লক আপ সিজন ২’-এর প্রিমিয়ারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন আকাঙ্ক্ষা। সেখানে তিনি জানান, গৌরব বাবা হতে চাইলেও তিনি এখনও মা হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নন। এ কারণেই তাদের সম্পর্ক বিচ্ছেদের দিকে এগোচ্ছে।

সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা ও সুফি মোতিওয়ালার সঙ্গে আলাপচারিতায় আকাঙ্ক্ষা বলেন, ‘বিয়ের সময়ই মাতৃত্বের বিষয়টি নিয়ে গৌরবের সঙ্গে কথা হয়েছিল। আমি ওকে জানিয়েছিলাম, আমার মধ্যে তখনও মা হওয়ার অনুভূতি তৈরি হয়নি। পরে বুঝতে পারি, এই দায়িত্ব নেওয়ার জন্য আমি একেবারেই প্রস্তুত নই। তখন গৌরব আমার সিদ্ধান্তকে সমর্থন করেছিল, কিন্তু সময়ের সঙ্গে ওর ইচ্ছা বদলেছে।’

বিচ্ছেদের জন্য স্বামীকে দায়ী করতে নারাজ এই অভিনেত্রী। বরং গৌরবের ইচ্ছাকে স্বাভাবিক বলেই মনে করেন তিনি।

আকাঙ্ক্ষার ভাষায়, ‘এখন গৌরব সন্তান চায়, কিন্তু আমি তাকে সেটা দিতে পারব না। আমার মধ্যে এখনো মাতৃত্ববোধ তৈরি হয়নি। অনেক আগেই আমি ওকে বলেছিলাম, আমি সন্তান নিতে চাই না। যদি এই কারণেই আমাদের আলাদা হতে হয়, সেটাও আমি মেনে নেব। ওর সিদ্ধান্তকে আমি সম্মান করি।’

তিনি আরও বলেন, “অধিকাংশ মানুষই একটি সুন্দর পরিবার গড়তে এবং সন্তান নেওয়ার স্বপ্ন নিয়ে বিয়ে করেন। তাই এখানে গৌরবের কোনো দোষ নেই। ‘বিগ বস’-এ যাওয়ার পর আমি আরও ভালোভাবে বুঝতে পারি, ও বাবা হতে চায়। কিন্তু আমি সেটা দিতে পারছি না। তাই আমি চাই না, ওকে এমন একটি সম্পর্কে আটকে রাখতে, যেখানে ওর গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন অপূর্ণ থেকে যাবে।”

উল্লেখ্য, গত বছর ‘বিগ বস ১৯’-এ অংশ নেওয়ার সময় গৌরব খান্নার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সহানুভূতি পাওয়ার জন্য তিনি স্ত্রীর সন্তান না নেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে এনেছেন। পরে এ বিষয়ে প্রশ্ন করা হলে গৌরব বলেন, তিনি সবসময় স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করেন। তবে অন্য সবার মতো তারও বাবা হওয়ার ইচ্ছা রয়েছে।

দীর্ঘদিনের এই সম্পর্ক ভাঙনের খবর এরই মধ্যে ভারতীয় বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানাননি গৌরব বা আকাঙ্ক্ষা।

কেএন/এসএন

মন্তব্য করুন