© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেমের টানে যশোরে চীনা নাগরিক, ইসলাম ধর্ম গ্রহণ করে তরুণীকে বিয়ে

শেয়ার করুন:
প্রেমের টানে যশোরে চীনা নাগরিক, ইসলাম ধর্ম গ্রহণ করে তরুণীকে বিয়ে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ পিএম | ৩০ জুন, ২০২৬
ভিন্ন দেশ, ভিন্ন ভাষা ও হাজারো মাইলের দূরত্ব পেরিয়ে প্রেমের টানে বাংলাদেশে এসে যশোরের এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক লি বিং। বিয়ের আগে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানিয়েছেন নবদম্পতি।

তরুণী তন্দ্রা খাতুন যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের মন্টু মোল্লার মেয়ে। তিনি যশোর সদর উপজেলা তথ্যকেন্দ্রে কর্মরত।

স্থানীয় সূত্র জানায়, চীনা জামাইকে একনজর দেখতে তন্দ্রাদের বাড়িতে প্রতিদিনই ভিড় করছে আশপাশের এলাকার কৌতূহলী মানুষ।

তন্দ্রা খাতুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যালোটক-এর মাধ্যমে লি বিংয়ের সঙ্গে তার পরিচয় হয়।

পরে উইচ্যাট-এ নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় আট মাসের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘লি বিং গত ১৮ জুন বাংলাদেশে আসে। পরদিন সন্ধ্যায় আমাদের বিয়ে হয়। বিয়ের আগে সে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে। আগে সে কোনো ধর্ম অনুসরণ করত না। বর্তমানে সে আমাদের বাড়িতেই রয়েছে। ভিসার প্রক্রিয়া সম্পন্ন হলে আমি তার সঙ্গে চীনে চলে যাব।’

লি বিং জানান, তিনি চীনের বেইজিং শহরের বাসিন্দা এবং একটি স্মার্ট লক (তালা) প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। বাংলাদেশে এসে নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘আমার বউ ভালো, খুব ভালো। বাংলাদেশের বাতাস খুব ভালো, আমার বউয়ের পরিবার এবং আত্মীয়-স্বজনও খুব ভালো এবং দয়ালু। এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি তোমাদের দেশটাকে খুব পছন্দ করছি। বিয়ের পর অনুভূতি খুব ভালো।’

তন্দ্রার মা শিউলি বেগম বলেন, ‘মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েকে বিয়ে করার জন্য সে চীন থেকে বাংলাদেশে এসেছে। বিয়ের আগে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে দিয়েছি।’

এমআই/টিএ

মন্তব্য করুন