প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী ও পরিচালক বিজয়া মেহতা আর নেই
ছবি: সংগৃহীত
০৮:০৮ পিএম | ০১ জুলাই, ২০২৬
দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগার পর ৩০ জুন রাতে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু মারাঠি নাট্য আন্দোলনের নেতৃত্বই দেননি, ভারতীয় আধুনিক নাট্যচর্চাকে এনে দিয়েছিলেন নতুন ভাষা ও দৃষ্টিভঙ্গি।
তাঁর প্রতিষ্ঠিত ‘রঙ্গায়ন’ নাট্যদল অসংখ্য শিল্পীর স্বপ্নের ঠিকানা হয়ে উঠেছিল। মঞ্চকে তিনি বিনোদনের গণ্ডি পেরিয়ে সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগত তুলে ধরার শক্তিশালী মাধ্যমে রূপ দিয়েছিলেন। অভিনেত্রী হিসাবেও তিনি ছিলেন অনন্য। ১৯৮৪ সালের ‘পার্টি’ সিনেমাতে তাঁর অভিনয় এখনও ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় কাজ হিসাবে বিবেচিত হয়।
তাঁর হাত ধরে গড়ে উঠেছেন বহু শিল্পী, যাঁরা পরবর্তীতে ভারতীয় নাটক ও চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। তাই বিজয়া মেহতার প্রয়াণ শুধু একজন শিল্পীর বিদায় নয়, ভারতীয় নাট্যচর্চার এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি। তাঁর সৃষ্টিকর্ম ও দর্শন প্রজন্মের পর প্রজন্ম শিল্পপ্রেমীদের অনুপ্রাণিত করে যাবে
কেএন/টিএ