নতুন সিনেমা ‘প্রলয়’ নিয়ে ফিরছেন রণবীর সিং, বাজেট ৩০০ কোটি!
ছবি: সংগৃহীত
১১:৪৮ পিএম | ০১ জুলাই, ২০২৬
বলিউড অভিনেতা রণবীর সিং নতুন সিনেমা ‘প্রলয়’ নিয়ে বড় পর্দায় ফিরতে প্রস্তুত। দীর্ঘদিন ধরেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছিল। এবার জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হবে সিনেমার শুটিং। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘প্রলয়’ পরিচালনা করছেন জয় মেহতা। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের এই মেগা প্রজেক্টের একটি বড় অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়। ইতোমধ্যে সেখানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজও চলছে।
‘প্রলয়’ একটি পোস্ট-অ্যাপোক্যালিপটিক (মহাবিপর্যয়-পরবর্তী) অ্যাকশন থ্রিলার। গল্পে জঙ্গি হামলার ভয়াবহ প্রেক্ষাপটে এক দম্পতির টিকে থাকার সংগ্রাম এবং এক রক্ষাকর্তার আবির্ভাবকে তুলে ধরা হবে। নির্মাতাদের দাবি, আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিনেমাটিকে ভিজ্যুয়ালি ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমাটির নির্মাণে আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করা টেকনিশিয়ানদের যুক্ত করা হয়েছে। পাশাপাশি শক্তিশালী চিত্রনাট্য তৈরির কাজও চলছে জোরেশোরে। জানা গেছে, রণবীর নিজেও সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে নির্মাতাদের সঙ্গে নিয়মিত মতামত বিনিময় করছেন।
নায়িকা হিসেবে আপাতত কল্যাণী প্রিয়দর্শন-এর নাম আলোচনায় থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ভবিষ্যতে কাস্টিংয়ে পরিবর্তন আসতে পারে বলেও জানা গেছে।
এর আগে খবর প্রকাশ হয়েছিল, ২০২৫ সালের শেষ দিকে বিদেশে ছুটি কাটিয়ে দেশে ফেরার পর রণবীর ‘ডন ৩’-এর বদলে ‘প্রলয়’-এর প্রস্তুতি শুরু করবেন। সেই পরিকল্পনাই এখন বাস্তবায়নের পথে। ফলে বহু প্রতীক্ষিত এই সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহও দিন দিন বাড়ছে।
এমআই/টিএ