টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ নেতা লাল মিয়া গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০২:০৯ এএম | ০২ জুলাই, ২০২৬
টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা লাল মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁশতৈল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লাল মিয়া বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
পুলিশ সূত্র জানান, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের বাসিন্দা হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে মামলা করেন।
মামলায় পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করেন। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পুলিশ বুধবার রাতে লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এমআই/টিএ