স্বাস্থ্য সচিব ও অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে হাইকোর্টের রুল
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আদালতের রায় বাস্তবায়ন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুলে আগামী দুই সপ্তাহ সময় দিয়েছে আদালত।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের নেতৃত্বাধীন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম।
শুনানি শেষে ব্যারিস্টার রাশনা ইমাম জানান, হাইকোর্টের রায়ের পরও সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা বাস্তবায়ন করেনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর। যা আদালত অবমাননা। এছাড়া আদালতের নির্দেশনা অমান্য করায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিরা এখনও যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। তাই এ বিষয়ে শুনানি নিয়ে আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন।
টাইমস/এসএন