© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিডিডিআর,বি-র ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন ড. এম এ মুহিত

শেয়ার করুন:
আইসিডিডিআর,বি-র ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন ড. এম এ মুহিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৩ এএম | ০৩ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ট্রাস্টি বোর্ড-এর সদস্য মনোনীত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি একজন আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন।

বৃহস্পতিবার (২ জুলাই ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

'আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইন, ২০২২'-এর ৭ ধারা অনুযায়ী বাংলাদেশ সরকার এই মনোনয়ন প্রদান করেছে।

ড. এম এ মুহিত সিরাজগঞ্জ ৬ থেকে নির্বাচিত সংসদ সদস্য। জনস্বাস্থ্য খাত তথা বিভিন্ন দেশের চিকিৎসা ও স্বাস্থ্য খাতের সংস্কার ও গবেষণায় তিনি অত্যন্ত পরিচিত ও সমাদৃত। 

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর তিনি যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানে দুটি পৃথক মাস্টার্স (এমএসসি) এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০০ সাল থেকে তিনি লন্ডনের ইনস্টিটিউট অব অফথালমোলজি এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও উচ্চতর গবেষণা পরিচালনা করে আসছেন। এছাড়া জার্মানি, অস্ট্রেলিয়া, ভারত ও নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে যুক্ত ছিলেন।

শিশুদের চক্ষু রোগ এবং দৃষ্টি প্রতিবন্ধকতা প্রতিরোধে ড. মুহিতের মৌলিক গবেষণা বিশ্বব্যাপী সমাদৃত। চিকিৎসা বিজ্ঞানের শীর্ষস্থানীয় জার্নাল 'ব্রিটিশ জার্নাল অব অফথালমোলজি' (British Journal of Ophthalmology)-তে তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত ও প্রশংসিত হয়েছে। চিকিৎসাক্ষেত্রে অনন্য অবদানের জন্য তিনি আন্তর্জাতিকভাবে গ্লোবাল আই হেলথ হিরো সহ একাধিক মর্যাদাপূর্ণ পদকে ভূষিত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর ৫০টিরও বেশি দেশে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে আমন্ত্রিত বক্তা হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

সরকারি এই আদেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পাশাপাশি আরও তিনজনকে সরকারের প্রতিনিধি হিসেবে আইসিডিডিআর,বি-র ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত করা হয়েছে। মনোনীত অন্য সদস্যরা হলেন— স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. গোলাম মহিউদ্দিন খান সাদী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এই সংক্রান্ত পূর্ববর্তী সকল আদেশ প্রতিস্থাপন করবে।

আইসিডিডিআর,বি-র মতো বিশ্বখ্যাত আন্তর্জাতিক গবেষণা সংস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতি-নির্ধারক হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই অন্তর্ভুক্তি দেশের স্বাস্থ্য খাতের গবেষণা ও উন্নয়নে আরও গতিশীল ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছেন।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত এই চিকিৎসাবিজ্ঞানী এবার icddr,b-এর পলিসি ও গবেষণা কার্যক্রমে যুক্ত হলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ড. এম এ মুহিতের মতো একজন অভিজ্ঞ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষক ও নীতি-নির্ধারকের অন্তর্ভুক্তি বাংলাদেশের স্বাস্থ্য খাতের আন্তর্জাতিক গবেষণা, মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্য কূটনীতিতে icddr,b-এর ভূমিকাকে আরও বেগবান ও শক্তিশালী করবে।

এমআই/টিকে

মন্তব্য করুন