ভোট দিয়ে নীরবেই বেরিয়ে গেলেন দুই অভিনেতা
ছবি: সংগৃহীত
০৩:২৮ পিএম | ০৩ জুলাই, ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে সবার নজর কাড়লেন ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেতা আলমগীর ও উজ্জ্বল। জুমার নামাজের বিরতির পর একসঙ্গেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভোটকেন্দ্রে হাজির হন তারা।
ভোটাধিকার প্রয়োগ শেষে কোনো বক্তব্য না দিয়েই কেন্দ্র ত্যাগ করেন এই দুই শিল্পী। দীর্ঘদিনের সহকর্মী দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত শিল্পী ও ভোটাররা। অনেকেই এগিয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, কেউ আবার স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন। ভোট দেওয়ার আগে ও পরে তাদের ঘিরে তৈরি হয় ছোটখাটো ভিড়।
বর্তমান সভাপতি মিশা সওদাগর তাদের ভোটকেন্দ্রে নিয়ে যান। এরপর আলমগীর ও উজ্জ্বল একসঙ্গেই ভোট দেন এবং নীরবে বেরিয়ে যান। গণমাধ্যমের সঙ্গে এদিন কোনো কথাই বলেননি তারা।
সকালের পর থেকেই এফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়। জুমার নামাজের জন্য সাময়িক বিরতির পর আবারও শুরু হয় ভোটগ্রহণ। তবে নামাজের বিরতির সময় ভোটকেন্দ্রের গেটে তালা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলে হট্টগোল করেন আরমান–মুক্তি প্যানেলের সমর্থকেরা।
তাদের দাবি, ভোটকেন্দ্রের ভেতরে লোক রেখে বাইরে তালা লাগানো হয়েছিল, যা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।
যদিও নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু এ অভিযোগ নাকচ করে দেন। তিনি জানান, এমন কোনো অনিয়মের সুযোগ ছিল না। তার কথায়, প্রজেক্টরের মাধ্যমে সার্বক্ষণিক ভোটকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে এবং পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছে।
এবারের নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ছিল ব্যাপক উৎসাহ। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। সকাল থেকেই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এফডিসিতে ভিড় করেন প্রবীণ ও নবীন শিল্পীরা।
এসএ/এসএন