ব্যান্ড পার্টি, পালকি নিয়ে ভোট দিতে এলেন অভিনেতা
ছবি: সংগৃহীত
০৩:৩৯ পিএম | ০৩ জুলাই, ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬- ২৮ মেয়াদের নির্বাচনে সকাল থেকেই উৎসবের আবহে মুখর ছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও শিল্পীদের আনাগোনা, প্রার্থীদের শুভেচ্ছা বিনিময়, ফুল দিয়ে ভোটার বরণ আর গণমাধ্যমের সরব উপস্থিতিতে এফডিসি যেন রূপ নেয় এক মিলনমেলায়।
শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবার মোট ভোটার ৫৭৩ জন। তাঁদের ভোটেই আগামী দুই বছরের জন্য নির্বাচিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব।
ভোটকেন্দ্রে আসা শিল্পীদের ফুল দিয়ে স্বাগত জানান বিভিন্ন পদের প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। প্রধান ফটকেই ভোটারদের শুভেচ্ছা জানাতে দেখা যায় কার্যকরী পরিষদ সদস্য পদপ্রার্থী শিপন মিত্র ও চিত্রনায়িকা জলিকে। তারা দুজনই শিবা সানু–জয় চৌধুরী পরিষদের প্রার্থী।
সকাল পৌনে ১০টার দিকে ভোট দিতে এফডিসিতে আসেন অভিনেতা ডা. এজাজুল ইসলাম। নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান এই অভিনেতা। তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হোক। নির্বাচনের পর তো আমরা সবাই এক। কোনো বিভেদ না থাকুক।’
তবে দিনের সবচেয়ে আলোচিত উপস্থিতি ছিল অভিনেতা শম্ভু সরকার সঞ্জয়ের। ব্যান্ড পার্টি আর পালকির শোভাযাত্রা নিয়ে ভোটকেন্দ্রে হাজির হয়ে তিনি মুহূর্তেই সবার নজর কাড়েন।
সোনালি পোশাক, কাঁধে শাল আর হাতে লাঠি নিয়ে ভোটকেন্দ্রের দিকে এগিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ভিড় করেন শিল্পী, দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীরা। ভোট দেওয়ার পর নিজের ব্যতিক্রমী উপস্থিতির ব্যাখ্যায় শম্ভু সরকার সঞ্জয় বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন মানেই উৎসব। প্রার্থীদের উৎসব, ভোটারদের উৎসব। তাই প্রতিবারই দিনটিকে ঘিরে আমার অনেক পরিকল্পনা থাকে। কখনো ঘোড়ায় চড়ে, আবার কখনো সৈন্য নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। এবার এসেছি পালকি নিয়ে।’
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে সভাপতি পদে লড়ছেন মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি প্রার্থী শিবা সানু ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী। এছাড়া বিভিন্ন পদে ১০ জনের বেশি স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত মেয়াদের সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই প্রার্থী হননি। ফলে নতুন নেতৃত্ব বেছে নিতে ৫৭৩ জন সদস্যের ভোটে এবার শিল্পী সমিতিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়।
এসএ/এসএন