নাম বদলানোর পরও সেন্সর বোর্ডে আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’
ছবি: সংগৃহীত
০৩:৪৮ পিএম | ০৪ জুলাই, ২০২৬
নাম বদলানো, গল্পে পরিবর্তন, এমনকি নতুন করে শুটিং- সব চেষ্টা করেও মুক্তির অনুমতি মিলছে না সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘মাতৃভূমি’র। ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েছে সিনেমাটির মুক্তি।
২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। প্রথমে এর নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। তবে টিজার প্রকাশের পর ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে সিনেমার গল্পে পরিবর্তন আনা হয়। প্রায় ৪০ শতাংশ নতুন করে ধারণ করা হয়। বিতর্ক এড়াতে নাম বদলে রাখা হয় ‘মাতৃভূমি’। প্রথমে চলতি বছরের ১৭ এপ্রিল ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিলো। পরে সেই তারিখ পিছিয়ে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগস্টে মুক্তির পরিকল্পনা করা হয়। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এখনো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় আগস্টেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা অনিশ্চিত।

সালমান খান ফিল্মসের ব্যানারে নির্মিত এই বিগ বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। এতে গালওয়ান সংঘর্ষে নেতৃত্ব দেওয়া ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তাঁর বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। এরই মধ্যে সিনেমাটির টিজার ও তিনটি গান প্রকাশ পেয়েছে। তবে সেন্সর জটিলতায় কবে দর্শকের সামনে আসবে ‘মাতৃভূমি’, তা এখনো অনিশ্চিত।
এদিকে এই প্রকল্পের মুক্তি আটকে থাকলেও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। দক্ষিণি নির্মাতা ভামশি পেডিপাল্লির নতুন সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন তিনি। এতে প্রথমবারের মতো তাঁর বিপরীতে অভিনয় করছেন নয়নতারা। পাশাপাশি পরিচালক জুটি রাজ-ডিকের নতুন সুপারহিরোভিত্তিক সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের এই সুপারস্টার।
এসএ/টিএ