নির্বাচনে হেরে আল্লাহর কাছে বিচার দিলেন নায়িকা পলি
ছবি: সংগৃহীত
১১:৫৬ পিএম | ০৪ জুলাই, ২০২৬
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা পলি। একসময় ঢালিউডের ব্যস্ততম নায়িকাদের একজন ছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে। রূপালি পর্দায় নিয়মিত দেখা না গেলেও চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে প্রার্থী হন তিনি। তবে ভোটযুদ্ধে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেননি একসময়ের জনপ্রিয় অভিনেত্রী।
এরপরই সামাজিক মাধ্যম তিনি অভিযোগ আনেন, শিল্পীদের অনেকে টাকার কাছে নিজেদের বিকিয়েছেন। সেইসঙ্গে আল্লাহর কাছে দেন বিচার। নিজের ফেসবুকে পলি লেখেন, ‘কাছের মানুষগুলো যারা নিজেদের ভোট ঠিক রেখে শুধু আমার একটা ভোট টাকার জন্য বিক্রি করেছি বিচার ওই ওপর আল্লাহর কাছে দিলাম। তোমাদের বিচার আল্লাহ আল্লাহ করবে।’
এর আগে অন্য এক পোস্টে অভিনেত্রী রোজিনাকে মেনশন করে পলি লেখেন, ‘রোজিনা আপু শিল্পী সমিতি আমাদের জন্য না। এখানে এক শ্রেণীর শিল্পীরা টাকার জন্য বিক্রি হয়।’

আরেক পোস্টে পলি লেখেন, ‘যে সমস্ত শিল্পী ভোটাররা আমাকে ভালোবেসে ১৪৪ ভোট দিয়েছেন তাদের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। আর যারা আমাকে ভোট দেননি যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন তাদের প্রতিও আমার ভালোবাসা।’
এবারের নির্বাচনে শিবা-জয় প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করেন পলি। তিনি ১৪৪ ভোট পেয়েছেন। অন্যদিকে ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন এম এ পারভেজ চৌধুরী আবীর।
এ নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি নির্বাচিত হন শিবা শানু। তার প্রতিদ্বন্দ্বী আরমানের ব্যালটে পড়ে ১৭৩ ভোট। ২৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুক্তি পান ১৭৯ ভোট।
শনিবার (৪ জুন) ভোররাতে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার ৫৭৩ জন। ভোট পড়েছে ৪৮০টি। ২১টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৪৫ জন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বপালন করেন চলচ্চিত্র পযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।
কেএন/টিএ