© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিপফেক কনটেন্টের বিরুদ্ধে আদালতে প্রীতি জিনতা

শেয়ার করুন:
ডিপফেক কনটেন্টের বিরুদ্ধে আদালতে প্রীতি জিনতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ পিএম | ০৫ জুলাই, ২০২৬
বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রির অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী ডিপফেক ভিডিও ও বিকৃত ছবি ছড়িয়ে পড়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার সেই পথেই হাঁটলেন অভিনেত্রী প্রীতি জিনতা। মুম্বাই হাইকোর্টের কাছে অভিনেত্রীর অভিযোগ— কোনো অনুমতি ছাড়াই তার মুখ ও নাম ব্যবহার করা হচ্ছে। এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে একাধিক ডিপফেক ভিডিও ও এআই ব্যবহার করে তৈরি করা ছবি।

আদালতের কাছে আবেদন জানিয়ে প্রীতি জিনতা বলেন, যাতে অবিলম্বে এ ধরনের সব কনটেন্ট মুছে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে এ রকম বিনা অনুমতিতে কোনো ছবি ব্যবহার না করা হয়, সেটিকেও নিশ্চিত করার আবেদন জানিয়েছেন অভিনেত্রী। 

প্রীতি জিনতার করা মামলায় গুগল, মেটাসহ একাধিক সংস্থা, অনলাইন প্লাটফর্ম এবং কয়েকজন নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। সেই মামলার শুনানি হয় শুক্রবার (৩ জুলাই)। 

বিচারপতি মাধব জমদারের বেঞ্চে এ মামলার শুনানিতে টেক ডাউন মেকানিজমের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশানুযায়ী, যত দ্রুত সম্ভব অভিনেত্রী প্রীতি জিনতার সব ভিডিও ও ছবি সরিয়ে ফেলতে হবে। এ মামলার পরবর্তী শুনানি আগামীকাল সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত হবে। 



এর আগে সামাজিক মাধ্যমে নিজেদের নাম, ছবি ও পরিচয়ের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে আরও বেশ কয়েকজন তারকা মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর প্রীতির মামলাটি সামনে এসেছে। অভিনেতা কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি, গায়ক আশা ভোঁসলে ও অরিজিৎ সিং— সবাই সাম্প্রতিক বছরগুলোতে একই ধরনের আইনি সুরক্ষা চেয়েছেন।

আদালতে যাওয়ার আগে প্রীতিকে লেটার্স পেটেন্টের ধারা XII-এর অধীনে মামলা করার অনুমতি দেওয়া হয়েছিল। এ বিধানটি মুম্বাই হাইকোর্টকে কোনো মামলার শুনানি করার ক্ষমতা দেয়— এমনকি যদি বিবাদের কেবল একটি অংশ তার এখতিয়ারভুক্ত হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৬ জুন বিচারপতি অভয় আহুজা অভিনেত্রী প্রীতি জিনতার আইনি দলের বক্তব্য শোনার পর মামলাটি চালিয়ে যাওয়ার অনুমতি দেন। তারা যুক্তি দেন— যদিও অভিযুক্ত বিষয়বস্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপলোড বা হোস্ট করা হয়ে থাকতে পারে; কিন্তু তার খ্যাতি ও সুনামের ওপর এর প্রভাব মূলত মুম্বাইতেই অনুভূত হয়, যেখানে তিনি থাকেন।

এসএন 

মন্তব্য করুন