‘আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না’
ছবি: সংগৃহীত
১০:১১ পিএম | ০৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল এদেশে রাজনীতি করার সুযোগ পাবে বলে আমার মনে হয় না এবং জনগণও তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই। এই যে আমাদের উপর দায়িত্বটা, একটি জঘন্য হত্যাকাণ্ড ঘটল, একটা ববর্বরোচিত অধ্যায় ছিল বাংলাদেশে; সেটার সাথে যারা জড়িত ছিল তার বিচার করা। সেই বিচারের প্রক্রিয়া চলছে। আরও যারা জড়িত রয়েছে; তাদের বিষয়ে তথ্য নিয়ে আইনগতভাবে বিচার নিশ্চিত করা হবে।
রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার বিষয়ে তিনি বলেন, পৃথিবীর বহু দেশে কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার নজির আছে। বাংলাদেশের বিগত দেড় দশকে যে ফ্যাসিস্ট সরকার জনগণের ভোট ছাড়া বিদেশি পেশীশক্তির ওপর নির্ভর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে ক্ষমতায় টিকে ছিল, বর্তমানে তারা সামাজিকভাবে, আইনগতভাবে এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ।
ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করে নুর বলেন, তাদের (আ.লীগের) রাজনীতি বাংলাদেশে ভবিষ্যতে আর হবে কিনা আমার মনে হয় না। আর জনগণও একসেপ্ট করবে বলে মনে হয় না।
এ সময় তিনি আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকদের দলটির রাজনীতি ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়া অথবা বিভিন্ন কর্ম ও পেশায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
নুরুল হক নুর আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশে গত দেড় দশকে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার ছিল, কখনো যেন ওই দিকে বাংলাদেশে ধাবিত না হয়। আমরা বর্তমানে যেই পথে আছি, আমি আশা করি এ পথে থাকলে ভবিষ্যতে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।
এসময় পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আবু ইউসুফ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসএন