৪৫-এ ইভা গ্রিন, যেভাবে গড়ে উঠেছিল তার অভিনয়জীবন
ছবি: সংগৃহীত
০৮:২৭ পিএম | ০৬ জুলাই, ২০২৬
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইভা গ্রিনের জন্মদিন আজ। ১৯৮০ সালের ৬ জুলাই ফ্রান্সে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের সময় যমজ বোন জয়ের চেয়ে মাত্র দুই মিনিট আগে পৃথিবীর আলো দেখেন এই অভিনেত্রী।

ইভা গ্রিনের মা মার্লেন জোবার্ট ছিলেন ফরাসি অভিনেত্রী ও লেখিকা। বাবা ওয়াল্টার গ্রিন ছিলেন একজন সুইডিশ ডেন্টাল সার্জন। অভিনয়ের প্রতিও তার আগ্রহ ছিল। তরুণ বয়সে তিনি কিংবদন্তি নির্মাতা রবার্ট ব্রেসনের অউ হ্যাজার্ড বালথাজার চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।
ফ্রান্সেই বেড়ে ওঠা ইভা পড়াশোনা করেন আমেরিকান ইউনিভার্সিটি অব প্যারিসে। মাত্র সাত বছর বয়সে ল্যুভর জাদুঘর ঘুরে দেখার পর প্রাচীন মিশরের ইতিহাস ও মিশরবিদ্যার প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয়।
তবে অভিনয়ের প্রতি ভালোবাসার শুরু হয় আরও পরে। ১৪ বছর বয়সে দ্য স্টোরি অব অ্যাডেল এইচ. সিনেমায় ফরাসি অভিনেত্রী ইসাবেল আদজানির অভিনয় দেখে অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এছাড়া দ্য শাইনিং সিনেমায় জ্যাক নিকলসনের অভিনয়ও তার ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

শুরুর দিকে ইভার মা আশঙ্কা করেছিলেন, অভিনয়জগতের চাপ তার আবেগপ্রবণ মেয়ের জন্য কঠিন হতে পারে। কিন্তু পরে মেয়ের স্বপ্নকে সমর্থন করেন এবং পাশে দাঁড়ান।
অভিনয়ের দক্ষতা বাড়াতে প্যারিসের কোর্স ইভা সেন্ট পলে প্রশিক্ষণ নেন ইভা। পরে লন্ডনের ওয়েবার ডগলাস একাডেমি অব ড্রামাটিক আর্টে অভিনয়ের ওপর বিশেষ কোর্স সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে প্যারিসে ফিরে মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়জীবনকে আরও সমৃদ্ধ করেন।
এক সাক্ষাৎকারে ইভা গ্রিন জানিয়েছিলেন, ড্রামা স্কুলে পড়ার সময় তিনি ইচ্ছা করেই খল চরিত্র বেছে নিতেন। তার ভাষায়, নেতিবাচক চরিত্রে অভিনয় করা নিজের ভেতরের আবেগকে প্রকাশ ও নিয়ন্ত্রণ করার একটি কার্যকর উপায় ছিল।