‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’ স্ট্যাটাসের পর যুবক নিহত
ছবি: সংগৃহীত
০৯:১১ পিএম | ০৬ জুলাই, ২০২৬
চট্টগ্রামের বাঁশখালীতে ‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’, ফেসবুকে এমন স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার দারোগাবাজার এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জুয়েল রানা (২৮) উপজেলার চাম্বল সিকদার দোকান এলাকার শামসুল আলমের পুত্র।
স্থানীয় সূত্রের জানা যায়, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে বিশ্বকাপ ফুটবলের শেষ ১৬ পর্বে নরওয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রাজিল হেরে যাওয়ায় নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন- ‘দল করি, হারবে-জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, জুয়েল রানা নামের একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরে বিস্তারিত জানানো হবে।
এসএন