ব্রাজিলের স্বপ্নভঙ্গ, নেইমারের কান্নায় কেঁদেছে শোবিজ
ছবি: সংগৃহীত
০৯:১৭ পিএম | ০৬ জুলাই, ২০২৬
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ মিশন থেকে বিদায় নিল ব্রাজিল। চলতি বিশ্বকাপের ময়দান থেকে কোনো অর্জন ছাড়াই দেশে ফিরতে হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন্দের।
বিদায়ের এই ক্ষণে অশ্রুসিক্ত বিশ্বের কোটি কোটি ব্রাজিলিয়ান সমর্থকরা। মাঠের ভেতর নেইমারের চোখের জল দেখে কেঁদে উঠেছে বিশ্বের আনাচে-কানাচে থাকা তার কোটি কোটি ভক্ত-অনুরাগী।
ব্রাজিলের এই হৃদয়বিদারক বিদায় আর নেইমারের কান্না ছুঁয়ে গেছে এদেশের শোবিজ তারকাদের মনও। ব্রাজিলের এই বিদায়ের পর তারকাদের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলগুলো ভরে উঠেছে আবেগঘন পোস্টে।
প্রিয় দলের এমন হার এবং প্রিয় তারকার বিদায়ে নিজেদের কষ্ট ও ভালোবাসা প্রকাশ করেছেন তারা, যা দেখে ব্যথিত সাধারণ ভক্তরাও।
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের এমন পরাজয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়া এবং নেইমারের অবসরের ঘোষণায় তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নেইমারের একটি ছবি শেয়ার করেন।
ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন,“একটি যুগের সমাপ্তি। ধন্যবাদ, নেইমার জুনিয়র, ব্রাজিলের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য।”
হলুদ জার্সি গায়ে দিলেই যে মানুষটার কথা সবার আগে মনে পড়ে, তিনি নেইমার; এমনই এক আবেগঘন কথা বলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি বিশ্বাস করেন, কিছু খেলোয়াড় ট্রফি দিয়ে নয়; বরং স্মৃতি দিয়েই ফুটবল ইতিহাসে নিজেদের নাম লিখে যান। আর নেইমার জুনিয়র তাদেরই একজন।
নেইমারের এই অশ্রুসিক্ত বিদায়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে মাহি বলেন, তোমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক আঘাত এসেছে, অনেক স্বপ্ন ভেঙেছে। তবুও যখনই ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছ, প্রতিটা ম্যাচে হৃদয় উজাড় করে খেলেছ। হয়তো বিশ্বকাপ ট্রফিটা তোমার হাতে উঠল না, কিন্তু কোটি ভক্তের হৃদয়ে তুমি চিরকাল একজন কিংবদন্তি হয়েই থাকবে। ধন্যবাদ, নেইমার।
এদিকে ম্যাচের আগে ব্রাজিলের জয় নিয়ে কোনো চিন্তাই ছিল না ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ফুরফুরে মেজাজে একটি পোস্ট দিয়েছিলেন তিনি।
হিমি লিখেছিলেন, ‘ম্যাচের টেনশন? সেটা তো প্রতিপক্ষ করবে। আমি তো চিল করছি!’ তবে ট্র্যাজিক পরাজয়ের পর ব্রাজিলের এই ভক্তকে সামাজিক মাধ্যমে আর নতুন কোনো পোস্ট করতে দেখা যায়নি।
ব্রাজিলের আরেক কট্টর সমর্থক ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। প্রিয় দল বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এবং প্রিয় তারকা নেইমারের এমন বিদায়ের ধাক্কা যেন ছুঁয়ে গেছে তাকেও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের বিদায়লগ্নে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। পলাশ লিখেছেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তীর গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’
কণ্ঠশিল্পী কোনাল ব্রাজিল সমর্থক। তিনি লেখেন, এতো বাজে খেলে জিত আশা করাটা বোকামি! বিদায় ব্রাজিল।
তবে প্রতিটি শেষের পরই শুরু হয় নতুন এক অপেক্ষা। আবার দেখা হবে।
গায়িকা পড়শী বিশ্বমঞ্চে সুন্দর সব মুহূর্ত উপহার দেওয়ার জন্য ব্রাজিল দলকে ধন্যবাদ জানান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ‘সবসময় ব্রাজিল। অসংখ্য আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, ব্রাজিল।’
শুধু নিজের প্রিয় দলই নয়, ফুটবলপ্রেমী পড়শী ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির প্রতিও সম্মান জানিয়ে লিখেছেন, ‘রোনালদো ও মেসির জন্য শুভকামনা। ফুটবল আমাদের আরেকটি সুন্দর অধ্যায় উপহার দিক।’
অন্যদিকে, ব্রাজিলকে চিরকাল নিজের হৃদয়ে বহন করার অঙ্গীকার করেছেন ছোট পর্দার পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনী। ব্রাজিলের জার্সি গায়ে, চোখে ছলছল জল নিয়ে নিজের কান্না লুকিয়ে এই অভিনেত্রী লিখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা—আমি আমার দলের সাথেই থাকব।‘
এদিকে ব্রাজিলের এমন বিদায়ের পরও একদমই আশাহত নন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ২০২৬-এর এই মিশন ব্যর্থ হলেও, পরের বারের জন্য এখনই আশায় বুক বেঁধে আছেন তিনি। সামাজিক মাধ্যমে সাফা লিখেছেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম!’
তবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. সাইদুর রহমান পাভেল ব্রাজিলের বিদায়ে যেন একটু বেশিই দুঃখ পেয়েছেন। ম্যাচে ব্রাজিলের বারবার সহজ গোল মিস করার হতাশায় সামাজিক মাধ্যমে রসাত্মক এক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘এতগুলা সুযোগ পাইলে মানুষ ৩/৪টা বিয়া করতো…!’
এসএন