অ্যাঞ্জেলিনার পর নতুন প্রেম প্রকাশ্যে আনলেন ব্র্যাড পিট
ছবি: সংগৃহীত
০৫:০১ পিএম | ০৭ জুলাই, ২০২৬
হলিউড অভিনেতা ব্র্যাড পিটের ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরেই গয়না ডিজাইনার ইনেস ডি র্যামনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন চলছিল।
এবার একটি তারকাবহুল অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন তারা। সম্প্রতি সংগীত তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের অনুষ্ঠানে ব্র্যাড পিট ও ইনেস ডি র্যামনকে একসঙ্গে দেখা যায়। অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। ছবিগুলোতে দুজনকে বেশ স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে।
ব্র্যাড পিট ও ইনেস ডি র্যামনের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন ওঠে ২০২২ সালে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও তারা কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। ফলে সাম্প্রতিক এই উপস্থিতিকে অনেকেই তাদের সম্পর্কের সবচেয়ে প্রকাশ্য মুহূর্ত হিসেবে দেখছেন।

এর আগে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাড পিটের সম্পর্ক ছিল হলিউডের সবচেয়ে আলোচিত প্রেমের গল্পগুলোর একটি। ২০০৫ সালে প্রেমের সূচনা হওয়ার পর ২০১৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। তবে দুই বছর পর, ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেন জোলি। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তান রয়েছে। বিচ্ছেদের পর সন্তানদের অভিভাবকত্ব, সম্পত্তি এবং আইনি বিরোধ নিয়ে বছরের পর বছর আলোচনায় ছিল এই সাবেক তারকা দম্পতি।
অন্যদিকে, ইনেস ডি র্যামন এর আগে অভিনেতা পল ওয়েসলির স্ত্রী ছিলেন। ২০১৯ সালে তাদের বিয়ে হলেও ২০২২ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।
প্রায় চার বছর ধরে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও এবার একসঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়ায় ভক্তদের অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ব্র্যাড পিট।
এসএ/ এসএন