© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরও কমলো জেট ফুয়েলের দাম

শেয়ার করুন:
আরও কমলো জেট ফুয়েলের দাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৫ পিএম | ০৭ জুলাই, ২০২৬
দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ মূল্য মঙ্গলবার (৭ জুলাই) রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

মঙ্গলবার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে লিটারপ্রতি দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ জুনও জেট ফুয়েলের দাম কমিয়েছিল বিইআরসি। সে সময় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের মূল্য ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।

নতুন এ মূল্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি এয়ারলাইন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

সে হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর এবং ভবিষ্যতে চালু হওয়া বিমানবন্দরগুলোতে এই মূল্য কার্যকর হবে।

এসএন 

মন্তব্য করুন