শাহ আমানতে নামতে পারেনি তিন ফ্লাইট
ছবি: সংগৃহীত
০৬:২০ পিএম | ০৭ জুলাই, ২০২৬
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। মঙ্গলবার সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই তিনটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণে ব্যর্থ হয়ে পুনরায় ঢাকায় ফিরে গেছে। তিনটি ফ্লাইটের মধ্যে দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট।
এদিকে বিমান অবতরণ করতে না পারলেও চট্টগ্রাম থেকে সব বিমানের যাত্রা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে এদিন সব অ্যারাইভাল ও ডিপার্চার ফ্লাইট স্বাভাবিক সময়ের তুলনায় আধঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্ব হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টানা ভারি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ (আবুধাবি-চট্টগ্রাম) ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। একই কারণে এয়ার অ্যারাবিয়ার জি-৯-৫২৬ (শারজাহ-চট্টগ্রাম) ফ্লাইটটিও ঢাকায় অবতরণ করানো হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ (ঢাকা-চট্টগ্রাম) ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ সম্ভব না হওয়ায় পুনরায় ঢাকায় ফিরে যায়।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার রয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হবে।
রোববার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার অতি ভারি বর্ষণে রূপ নেয়। সোমবার দিনভর বৃষ্টির পর রাত থেকে এক টানা বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিস এদিন দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
এসএন