অভিনেত্রী স্লেন কেলি আর নেই
ছবি: সংগৃহীত
০৮:২১ পিএম | ০৭ জুলাই, ২০২৬
আইরিশ অভিনেত্রী ও প্রযোজক স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর গত ৪ জুলাই নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
অভিনয়জীবনে ঐতিহাসিক নাট্যধারার জনপ্রিয় সিরিজ ‘দ্য টিউডরস’-এ জেন হাওয়ার্ড চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন স্লেন। পরবর্তীতে বিভিন্ন টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন।

পরিবারের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আপনজনদের উপস্থিতিতেই শান্তিপূর্ণভাবে বিদায় নিয়েছেন এই অভিনেত্রী। শোকবার্তায় তাকে একজন স্নেহময়ী মা, কন্যা, বোন ও পরিবারের প্রিয় মানুষ হিসেবে স্মরণ করা হয়েছে। একই সঙ্গে অভিনয়, চলচ্চিত্র প্রযোজনা এবং সেন্ট অ্যানস সিটি ফার্ম প্রতিষ্ঠায় তার অবদানের কথাও তুলে ধরা হয়।
পরিবার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে উল্লেখ না করলেও অভিনেতা প্যাডি সি কোর্টনি জানান, ক্যানসারের সঙ্গেই দীর্ঘ লড়াই শেষে স্লেনের জীবনাবসান হয়েছে।
‘দ্য টিউডরস’ ছাড়াও প্রাইম ভিডিওর ‘দ্য ও'ব্রায়েনস’-এ উনা ব্লেক চরিত্রে অভিনয় ও প্রযোজনার দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ‘রাইজ অব দ্য ফুটসোলজার ২’-এ লুসি চরিত্রে অভিনয় এবং আয়ারল্যান্ড ও থাইল্যান্ডে নির্মিত ব্যারিস টি-এর একটি বহুল আলোচিত বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন স্লেন কেলি।
এসএ/টিএ