হলিউডের কিংবদন্তি ক্রিস্টোফার নোলানের সঙ্গে বাংলাদেশের রাকিব
ছবি: সংগৃহীত
০৯:৩৫ পিএম | ০৭ জুলাই, ২০২৬
চলচ্চিত্রপ্রেমীদের কাছে ক্রিস্টোফার নোলান-এর সঙ্গে সামনাসামনি দেখা হওয়া নিঃসন্দেহে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। সেই স্বপ্নই এবার বাস্তবে রূপ নিল বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক ও কনটেন্ট নির্মাতা রাশেদুজ্জামান রাকিব-এর জীবনে। বিশ্বখ্যাত এই নির্মাতার সঙ্গে সাক্ষাৎ, আলাপ, সেলফি এবং অটোগ্রাফ নেওয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়ে আবেগাপ্লুত হয়েছেন তিনি।
রাকিব নিজের প্রকাশিত ছবিগুলোর সঙ্গে এক আবেগঘন বার্তায় জানান, বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। তিনি লেখেন, নিজের কিংবদন্তির সঙ্গে দেখা করার সেই মুহূর্ত এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নোলান যখন তাঁর দিকে এগিয়ে আসছিলেন, তখন উপস্থিত একজন নির্মাতাকে জানান যে রাকিব তাঁর সবচেয়ে বড় ভক্ত। জবাবে নোলান হাসিমুখে বলেন, ‘ওহ, তুমিই তাহলে সেইজন।’

এরপর কিছুক্ষণ কথা বলার সুযোগ হয় তাঁদের। সেই সময় নোলানের সঙ্গে সেলফি তোলেন রাকিব এবং সংগ্রহ করেন তাঁর অটোগ্রাফ। বিদায়ের সময়ও নোলান তাঁকে দেখে হাসিমুখে শুভেচ্ছার ইশারা করেন। পুরো ঘটনাটি নিজের জীবনের অবিস্মরণীয় স্মৃতি হিসেবে উল্লেখ করে রাকিব বলেন, মুহূর্তটি এখনো তাঁর কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।
রাকিবের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। সাধারণ অনুসারীদের পাশাপাশি দেশের চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। অনেকের মতে, বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের কাছ থেকে এমন আন্তরিক অভ্যর্থনা পাওয়া বাংলাদেশের একজন কনটেন্ট নির্মাতার জন্য গর্বের বিষয়।
প্রসঙ্গত, সম্প্রতি প্রাচীন মহাকাব্য অবলম্বনে নির্মিত নোলানের নতুন চলচ্চিত্র দ্য ওডিসি- এর বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয় লন্ডনে। সেই আয়োজনে নির্মাতা, অভিনয়শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতির মধ্যেই ক্রিস্টোফার নোলানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান রাশেদুজ্জামান রাকিব। তাঁর সেই অভিজ্ঞতা এখন চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।
এসএ/টিএ