১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত
১০:০১ পিএম | ০৭ জুলাই, ২০২৬
আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, দলীয়ভাবে প্রধানমন্ত্রীর বরিশাল সফরের বিষয়টি চূড়ান্ত হলেও জনসভার স্থান বা অন্যান্য প্রটোকল এখনো নির্ধারিত হয়নি। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় পর্যায়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সফরের সার্বিক রূপরেখা ও সূচি চূড়ান্ত করা হবে।
স্থানীয় উন্নয়ন বিশ্লেষক ও সুশীল সমাজের মতে, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে অবহেলিত দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কিছু মেগা প্রকল্পের কাজ দ্রুত গতি পাবে। বিশেষ করে এই অঞ্চলের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ আরও বেগবান হবে। পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্রসৈকতকে সংযুক্ত করার যে মহাপরিকল্পনা রয়েছে, এই সফরের মাধ্যমে তা নতুন গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা, মহানগর এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও তৃণমূল নেতৃবৃন্দের সাথে বিশেষ সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন।
সফরের সার্বিক প্রস্তুতি নিয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘আমরা দলীয়ভাবে জানতে পেরেছি যে আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী বরিশালে আসছেন। তার এই সফরকে সফল করতে আমরা মাঠ পর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। বুধবার (৮ জুলাই) বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।’
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে এসেছিলেন তারেক রহমান। বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই দিন দুপুরে বরিশাল নগরের বান্দরোডের বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বক্তব্য রাখেন তিনি।
এমআর/টিএ