বিএনপির ভালোকে ভালো বলব, ভুল করলে ছাড় দেব না : সারজিস আলম
ছবি: সংগৃহীত
১০:০৬ পিএম | ০৭ জুলাই, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি ক্ষমতাসীন দল, কিন্তু তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। তাদের ভালোটাকে যেমন আমরা ভালো বলব, সমালোচনা করার কোনো কাজ করলে তাদেরকে কিন্তু আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা তালতলা চত্বরে জুলাই পথযাত্রা ও পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই। অনেক বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট হয়েছে। ভারতের আদানিকে ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে লুটপাট করতে দেওয়া হয়েছে। এই ধরনের লুটপাটকারী প্রজেক্ট বাদ দিয়ে জনগণের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে এই সখীপুরের প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমরা দেখছি, সীমান্তে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশিং করা হচ্ছে ওই ভারতের পশ্চিমবঙ্গের তথাকথিত মুখ্যমন্ত্রী যাকে আমরা একটা প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য মনে করি না। তিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে, এই কিছুদিনে বাংলাদেশে ১০ হাজার পুশইন করা হয়ে গিয়েছে, আরও করার পরিকল্পনা আছে।
সারজিস আলম বলেন, আমরা বর্তমান সরকারকে বলতে চাই, একটা দেশের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। প্রকাশ্যে এভাবে হুমকি দিয়ে আমার এই সার্বভৌম দেশে ভারতের নাগরিক অনুপ্রবেশ ঘটাতে পারে না। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমার প্রত্যেকটা সীমান্ত সুরক্ষা করে আমার নাগরিকদের জন্য সীমান্তের আশপাশের বাংলাদেশের এলাকাগুলোকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। বিজিবিকে শক্তিশালী করতে হবে। তাদের হাতে শক্তিশালী অস্ত্র দিতে হবে।
এনসিপির এই নেতা বলেন, আজ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর একটা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন। আমরা তাকে আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাই। আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠানকে শক্তিশালী এবং কার্যকর হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সবাই মিলে একসাথে সার্বভৌমত্ব থেকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে অত্যাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে পুলিশ নামক যে প্রতিষ্ঠান রয়েছে তার মর্যাদা জুলাই অভ্যুত্থানে অনেকটাই ক্ষুণ্ন হয়েছে। তাদেরকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। আগামীতে আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে সেই সুনাম ফিরিয়ে নিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি।
সারজিস আলম বলেন, আমাদের এই বাংলাদেশটাকে যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে ক্ষমতায় যেই দল থাক, আমরা যেই দলই করি না কেন; এখানে যদি কেউ চাঁদাবাজি করে তার বিরুদ্ধে কথা বলতে হবে। কেউ যদি লুটপাট করে তার বিরুদ্ধে কথা বলতে হবে। কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে কথা বলতে হবে। কেউ যদি খালখনের প্রজেক্ট থেকে লুটপাট করার চেষ্টা করে সেখানেও কথা বলতে হবে। আপনি যদি অপরাধকে ছাড় দেন, তাহলে অপরাধী একদিন আপনার মাথায় উঠে নাচবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআই/টিএ