সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর, মুখ খুললেন গৌতম
ছবি: সংগৃহীত
০২:৩০ পিএম | ০৮ জুলাই, ২০২৬
গৌতম সাহার সেই আলোচনায় সিঙ্গাপুরে নায়িকার বিয়ের গুঞ্জন থেকে শুরু করে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক অবস্থারও ধারণা পেয়েছে দর্শক। গৌতমের ভাষ্যমতে, অপুর বিয়ের বিষয়টি সামাজিক মাধ্যমে দেখেছেন তিনি। গুঞ্জন সত্যি হলে শুভকামনা, তবে মিথ্যা হলেও অবাক হবেন না। অপু বিশ্বাস নিজের শক্তিতেই এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন তিনি।
গৌতমের মতে, অর্থ বা সাফল্যই জীবনের সব সুখ নয়। একজন নারী হিসেবে অপুরও একটি সুন্দর সংসার প্রাপ্য। বাবা-মা নেই, সঙ্গে ছোট্ট ছেলে জয়- সব মিলিয়ে নতুন করে সুখী হওয়ার সুযোগ তার পাওয়া উচিত বলে মনে করেন তিনি।
সেই আলোচনায় শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপুর কঠিন সময়ের কথাও তুলে ধরেন গৌতম সাহা। তিনি জানান, সেই সময় অপুকে মানসিকভাবে শক্ত রাখতে রাতের পর রাত জেগে কথা বলেছেন, সাহস জুগিয়েছেন, নতুন করে ক্যারিয়ারে ফিরতে পাশে থেকেছেন। পরবর্তীতে তৃতীয় ব্যক্তির কারণে তাদের সম্পর্কের মধ্যে তৈরি হয় দূরত্ব।
বর্তমানে শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। দীর্ঘ ক্যারিয়ারে অনেক প্রতিষ্ঠিত নায়িকার সঙ্গে কাজ করলেও, বুবলীর মতো সহযোগিতাপরায়ণ মানুষ খুব কমই দেখেছেন বলে জানান তিনি। কাজের প্রতি তার আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব গৌতমকে মুগ্ধ করেছে।
অপু-বুবলীর দুই সন্তান জয় ও বীর প্রসঙ্গেও কথা বলেন গৌতম। তার ভাষ্যমতে, দুই ভাইয়ের স্বভাব একেবারেই আলাদা। জয় খুবই প্রাণবন্ত, দুষ্টুমি আর মজা করতে ভালোবাসে। অন্যদিকে, বীর খুবই শান্ত স্বভাবের। পছন্দ করে নিজের মতো করে থাকতে।
অপুর সঙ্গে আগের মতো যোগাযোগ না থাকলেও, ভাই-বোনের মতো সম্পর্কের সেই হাসি-আড্ডার দিনগুলো এখনও ভীষণ মনে পড়ে গৌতম সাহার। একসময় অপুর সবচেয়ে কাছের মানুষ ছিলেন তিনি, এখন বুবলীর আস্থার নাম; দুই নায়িকাকে ঘিরে গৌতম সাহার এই অকপট স্বীকারোক্তি জন্ম দিয়েছে নতুন আলোচনার।
এসএন