মিশর-আর্জেন্টিনা ম্যাচের পর সিরাজগঞ্জে টানা একদিন ধরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ
ছবি: সংগৃহীত
০১:৩৮ এএম | ০৯ জুলাই, ২০২৬
ফুটবল বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ের পর সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর মহল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
পাশাপাশি কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। রাস্তাজুড়ে ইট পাটকেলের চিহ্ন মিলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আর্জেন্টিনার জয়কে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়। পরে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। রাত ২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে থেমে বুধবার (৮ জুলাই) রাত ১১ টা পর্যন্ত চলতে থাকে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ সময় কয়েকটি দোকানপাট ও বাড়িঘরের জানালার কাচ ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশি টহল শুরু করা হয়।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের টিম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ সমস্যার সমাধানে কাজ করছে।
এমআই/টিএ