নারায়ণগঞ্জে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করল বিসিজি
ছবি: সংগৃহীত
০৭:৪৮ এএম | ০৯ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (৮ জুলাই) ভোরে শিবু মার্কেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা শিবু মার্কেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে ট্রাকের চালক ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা নিষিদ্ধ পলিথিনগুলো ধ্বংসের জন্য পরবর্তীতে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, ‘পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় সোচ্চার। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’
আরআই/ এসএন