দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
ছবি: সংগৃহীত
০৪:০০ পিএম | ০৯ জুলাই, ২০২৬
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি.এম. তারিকুল কবীরের আদালতে মামলার বাদী দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ও মিন্টু মিয়া নামের আরেক সাক্ষী সাক্ষ্য দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজন সাক্ষীর মধ্যে মিন্টুর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে এর মধ্যে জাকির হোসেনের জবানবন্দি শেষ হয়েছে। তাকে জেরার জন্য সময় চান আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামি ১০ অগাস্ট বাদীর অবশিষ্ট জেরা এবং পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।শুনানিকালে সোহানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত।
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপ-সহকারি পরিচালক জাকির হোসেন। তবে তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পায় কর্মকর্তা।
এমআর/টিকে