জামায়াত থাকতে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই : রাশেদ খান
ছবি: সংগৃহীত
০৭:২৮ পিএম | ০৯ জুলাই, ২০২৬
বাংলাদেশে রাজনীতিতে জামায়াতে ইসলামী থাকতে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। এটি দিন দিন আরো স্পষ্ট হচ্ছে বলে জানান তিনি।
আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
রাশেদ খানের অভিযোগ, আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) এবং ছাত্রলীগ (নিষিদ্ধ) দ্বারা অতীতে তার আক্রান্ত হওয়ার ছবি পোস্ট করে জামায়াত-শিবিরের কর্মীরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
তিনি বলেন, ‘নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ-ছাত্রলীগ দ্বারা অতীতে আমার আক্রান্ত হওয়ার ছবি ফেসবুকে প্রকাশ করছে জামায়াত-শিবিরের লোকজন। এরা কতবড় জঘন্য, নিজেরা সারাজীবন গুপ্ত থেকেছে আর আমরা রাস্তায় মাইর খেয়েছি সেটিকে এখন ওরা নেতিবাচকভাবে প্রচার করছে যে, আমি নাকি অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছি!’
এমন মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ায় বিভিন্ন ফোনকল পাচ্ছেন বলে জানিয়েছেন রাশেদ খান।
তিনি বলেন, ‘ওদের (জামায়াত-শিবির) গুজবে বিভ্রান্ত হয়ে অনেকে আমাকে কল ও মেসেজ করে খোঁজখবর নেওয়ার প্রেক্ষিতে ফেসবুকে পোস্ট করে বিষয়টি সম্পর্কে খোলাসা করলাম।’
তিনি বলেন, ‘জামায়াত থাকতে যে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই, সেটির ডে বাই ডে আরো স্পষ্ট হচ্ছে।’
টিএ/