গ্রিসে এফ-১৬ যুদ্ধবিমানের জরুরি অবতরণ, বন্ধ এয়ারপোর্ট
ছবি: সংগৃহীত
০৮:২১ পিএম | ০৯ জুলাই, ২০২৬
গ্রিসের জাকিনথোস দ্বীপের বিমানবন্দরে দেশটির বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, আকাশে থাকা অবস্থায় যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়। এরপরই পাইলট বিমানটিকে জরুরি ভিত্তিতে ওই দ্বীপের বিমানবন্দরে অবতরণ করান।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত বিমানটি থেকে পাইলটকে দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।
স্থানীয় সিভিল প্রটেকশন (নাগরিক সুরক্ষা) বিভাগের প্রধান মারিয়া মুজাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানান, যান্ত্রিক ত্রুটির (ইঞ্জিন সমস্যা) কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।
টিকে/