মাঝ আকাশে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে উড়োজাহাজে আগুন
ছবি: সংগৃহীত
০৭:৩৯ পিএম | ১১ অক্টোবর, ২০২৬
ভারতের দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে উড়োজাহাজটিকে হায়দরাবাদে ঘুরিয়ে নেওয়া হয় এবং সেখানে এটি নিরাপদে অবতরণ করে। আজ রোববার (১১ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, ইন্ডিগোর ওই ফ্লাইটে মাথার ওপরের লাগেজ রাখার জায়গায় (ওভারহেড বিন) আগুন লাগার ঘটনায় বড়সড় নিরাপত্তা-সংক্রান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি ত্রুটিপূর্ণ পাওয়ার ব্যাংকের কারণে আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ফ্লাইটটিকে হায়দরাবাদে ঘুরিয়ে নিয়ে জরুরি অবতরণ করানো হয়।
আগুন লাগার ঘটনার একটি ভিডিও ক্লিপ সামনে এসেছে, যা একজন যাত্রী তার মোবাইল ফোনে ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, অন্য যাত্রীরা তাদের ব্যাগ দিয়ে চাপড় মেরে আগুন নেভানোর চেষ্টা করছেন। পরে কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। উড়োজাহাজটির সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ আছেন।
আজ ইন্ডিগোর এয়ারবাস এ৩২১-২৫১এন মডেলের ৬ই৬১১৫ ফ্লাইটটি দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করেছিল। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ফ্লাইটটি ১টা ৩০ মিনিটে রওনা হয় এবং এটি গন্তব্য পরিবর্তনের না করলে বিকেল ৪টায় চেন্নাইয়ে পৌঁছানোর কথা ছিল।
ইন্ডিগোর এক বিবৃতিতে বলা হয়, রোববার দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই৬১১৫-এ এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর উড়োজাহাজটিকে হায়দরাবাদে ঘুরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কেবিন ক্রুরা দ্রুত পদক্ষেপ নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নির্ধারিত প্রোটোকল মেনে পাইলটরা ফ্লাইটটিকে ঘুরিয়ে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।
পরে যাত্রীদের চেন্নাইয়ের উদ্দেশে যাওয়ার জন্য একটি বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এই অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে যাত্রীদের যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, সেজন্য আমরা দুঃখিত। আমরা যাত্রীদের পানি, খাবার ও সময়মতো প্রয়োজনীয় তথ্য প্রদানসহ এই অসুবিধা যথাসম্ভব কমিয়ে আনার সব রকম চেষ্টা করছি। ইন্ডিগোতে যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
কেএন/টিএ