চট্টগ্রামের বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা, ত্রাণসামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত
০৭:৪৬ পিএম | ১০ জুলাই, ২০২৬
চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) বাঁশখালীর গুনাগরী ইউনিয়নের দুর্গত এলাকা ঘুরে দেখেন তিনি। খোঁজখবর নেন পানিবন্দি মানুষের। নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন জামায়াতের আমির।
জামায়াতের আমির বলেন, একেকটা বন্যা মানে বাংলাদেশের একেকটা দুঃখ। আর কিছু এলাকায় প্রায় প্রতি বছরই বন্যা লেগে থাকে। সমস্যা যেখানে, সমাধানও আছে। যদি সত্যিকারের দায়িত্বশীল দেশপ্রেমিক কোনো সরকার দেশ চালায়, তাহলে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়।
তিনি আরও বলেন, যারা দেশ পরিচালনার দায়িত্বে গিয়েছিলেন, তাদের অনেকেই জনগণের কথা না ভেবে নিজেদের স্বার্থের কথা চিন্তা করেছেন। দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন। তারা দেশের ও জাতির শত্রু।
জামায়াতের আমির বলেন, গ্রাম থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বে ছিলেন- গ্রামের মেম্বার থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী, এমনকি বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীও হয়েছেন। তবে আমি সবাইকে খারাপ বলছি না। কিন্তু তাদের মধ্যে একটি বড় অংশ ছিল ডাকাত। এই ডাকাতরাই দেশের সম্পদ লুটপাট করেছে।
তিনি আরও বলেন, আমরা ঘোষণা করেছি, আমাদের যুদ্ধ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে। আমাদের যুদ্ধ সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে। আমাদের যুদ্ধ সব ধরনের লুণ্ঠনের বিরুদ্ধে।
এ সময় জামায়াতের আমির জানান, আগামী তিন দিনের মধ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বন্যায় নিহত প্রত্যেকের পরিবারের হাতে মাথাপিছু ৫০ হাজার টাকা করে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
টিকে/