এআই চিপ উৎপাদনে যাচ্ছে মেটা
ছবি: সংগৃহীত
১০:৩৬ পিএম | ১০ জুলাই, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সক্ষমতা বাড়াতে নিজস্ব এআই চিপ তৈরি শুরু করতে যাচ্ছে মেটা। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ এক নথি অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে ‘আইরিস’ নামের এআই চিপের উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে মেটার।
বৃহস্পতিবার (৯ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মেটা নিজস্ব প্রযুক্তিতে এই চিপ তৈরি করছে। এটি ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলারেটর’ প্রকল্পের অংশ। ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহৃত এআই প্রযুক্তিকে আরো দ্রুত ও কার্যকর করতে এই চিপ ব্যবহার করা হবে।
মেটা বর্তমানে এআই প্রযুক্তি চালানোর জন্য এনভিডিয়া ও এএমডির কাছ থেকে বিপুল সংখ্যক জিপিইউ (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) কিনে থাকে। তবে নিজস্ব এআই চিপ তৈরি করতে পারলে খরচ কমবে এবং অন্য প্রতিষ্ঠানের চিপের ওপর নির্ভরতাও কমবে বলে আশা করছে মেটা।
নথি অনুযায়ী, ‘আইরিস’ চিপের পরীক্ষা মাত্র ছয় সপ্তাহের মধ্যেই শেষ হয়েছে এবং এতে বড় কোনো সমস্যা পাওয়া যায়নি। চিপটির নকশা তৈরিতে মেটাকে সহায়তা করছে ব্রডকম।
আর চিপটি তৈরি করবে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কম্পানি (টিএসএমসি)।
মেটা জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে তাদের কম্পিউটিং সক্ষমতা ৭ গিগাওয়াটে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৭ সালে এই সক্ষমতা দ্বিগুণ করে ১৪ গিগাওয়াটে নেওয়ার লক্ষ্য ঠিক করেছে প্রতিষ্ঠানটি। এক গিগাওয়াট বিদ্যুৎ দিয়ে প্রায় ৮ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।
এআই অবকাঠামো সম্প্রসারণে চলতি বছর মেটা প্রায় ১৪৫ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে পারে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
এ জন্য মেমোরি চিপ, ফ্ল্যাশ স্টোরেজ ও ফাইবার-অপটিক সরঞ্জামের জন্য দীর্ঘমেয়াদি চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞদের মতে, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন নিজেদের এআই চিপ তৈরির দিকে ঝুঁকছে। কারণ এআই মডেল চালাতে প্রয়োজনীয় চিপের চাহিদা দ্রুত বাড়ছে এবং নিজস্ব চিপ থাকলে খরচ ও সরবরাহ ব্যবস্থাপনায় সুবিধা পাওয়া যায়।
টিকে/