© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইনস্টাগ্রামের বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার বন্ধ করল মেটা

শেয়ার করুন:
ইনস্টাগ্রামের বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার বন্ধ করল মেটা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৪ পিএম | ১১ জুলাই, ২০২৬
মেটা ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের একটি বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার বন্ধ করে দিয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবি এআই দিয়ে পরিবর্তন বা নতুনভাবে তৈরি করতে পারতেন।

তবে ফিচারটি চালুর পর থেকেই ব্যক্তিগত গোপনীয়তা ও অপব্যবহারের আশঙ্কা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। 

চলতি সপ্তাহেই মেটা তাদের নতুন এআই ইমেজ জেনারেটর ‘মিউজ ইমেজ’ উন্মোচন করে। নতুন এই টুলের অন্যতম আলোচিত সুবিধা ছিল, ব্যবহারকারীরা কোনো পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে মেনশন করে সেই অ্যাকাউন্টের ছবিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে নতুন এআইনির্ভর ছবি তৈরি করতে পারতেন।

তবে বিতর্কের মূল কারণ ছিল, যার ছবি ব্যবহার করা হচ্ছে তাকে এ বিষয়ে কোনো ধরনের নোটিফিকেশন পাঠানো হতো না।

ফলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, এই ফিচার ব্যবহার করে অনুমতি ছাড়াই অন্যের ছবি পরিবর্তন বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা হতে পারে।

সমালোচনার মুখে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে মেটা। শুক্রবার প্রকাশিত এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ফিচারটি আর ব্যবহার করা যাবে না। ব্লগে মেটা লিখেছে, আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি সৃজনশীল টুল দেয়া, যেখানে মানুষ তাদের পাবলিক কনটেন্ট এভাবে ব্যবহার করার বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে পারবেন।

তবে আমরা ব্যবহারকারীদের মতামত শুনেছি এবং বুঝেছি, এই ফিচারটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এটি আর থাকছে না।

প্রযুক্তি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তির অপব্যবহার বেড়েছে। বিশেষ করে নারী তারকাদের ভুয়া বা অশালীন ছবি তৈরির মতো ঘটনায় এআই ব্যবহারের অভিযোগ বারবার উঠে এসেছে। বিভিন্ন প্ল্যাটফর্ম এ ধরনের অপব্যবহার ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা চালু করলেও সেগুলো সব সময় কার্যকর হয়নি।

টিকে/

মন্তব্য করুন