© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৯৬০ সালে কলকাতা-লন্ডন রুটে চলতো অ্যালবার্টা : এবার দিল্লি থেকে বাস যাবে লন্ডনে

শেয়ার করুন:
১৯৬০ সালে কলকাতা-লন্ডন রুটে চলতো অ্যালবার্টা : এবার দিল্লি থেকে বাস যাবে লন্ডনে
international-desk
১১:৫০ এএম | ২৩ আগস্ট, ২০২০

ভারতের গুরগাঁওয়ের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থা এবার ভারত-লন্ডন রুটে বাস সার্ভিস চালু করেছে। ১৫ আগস্ট এ বাস সার্ভিসের ঘোষণা করে সংস্থাটি। এর আগে ১৯৬০ সালে কলকাতা থেকে লন্ডন যাওয়ার জন্য বাস সার্ভিস চালু ছিল।

১৮টি দেশের ওপর দিয়ে এ বাস দিল্লি থেকে লন্ডন যাবে। পথিমধ্যে ভারত, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, চীন, রাশিয়া, কিরগিজস্থান, উজবেকিস্তান, কাজাকিস্তান, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্রান্স পাড়ি দেবে বাসটি। অর্থাৎ যারা ঘুরতে ভালবাসেন তাদের কাছে এর থেকে ভালো সুযোগ আর নেই। টানা ৭০ দিনের এই সফরে থাকবে সবরকম ব্যবস্থা।

তবে অবাক করা বিষয় হলো ভারত-লন্ডন রুটে এই প্রথম বাস সার্ভিস চালু হলো, তা নয়। এর আগে ১৯৬০ সালে কলকাতা থেকে লন্ডন যাওয়ার জন্য বাস সার্ভিস চালু ছিল।

অ্যালবার্ট নামের একটি ডাবল ডেকার বাস ওই সময় ১৫ বার যাওয়া আসা করেছে লন্ডন ও সিডনির পথে। অ্যালবার্ট বাসটি লন্ডন, বেলজিয়াম, পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করতো।

সফরের আগে লন্ডন, কলকাতা ও সিডনির মধ্যে বাসটির নিয়মিত চলাচলের একটি বার্ষিক সময়সূচী প্রকাশ করত অ্যালবার্ট ট্যুরস নামের সংস্থাটি। হাইরোড ফর ওজ বলছে, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ট্রিপগুলো সিডনি-লন্ডন আসা-যাওয়া করত। অন্যদিকে, ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর ট্রিপগুলো চলত লন্ডন-কলকাতা রুটে। ভারতে পৌঁছে বাসটি দিল্লি, আগ্রা, বেনারস ও কলকাতায় যাত্রা বিরতি করতো।

কলকাতা ও লন্ডনের মধ্যে ভ্রমণপ্রতি ভাড়া ছিল ৮৫ পাউন্ড বা প্রায় ৭ হাজার ৮৮৯ রূপি। সংখ্যাটি সেই সময়ের তুলনায় অনেক বেশি।

১৯৭২ সালের ২৫ জুলাই লন্ডন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া বাসটি কলকাতায় পৌঁছায় একই বছরের ১১ সেপ্টেম্বর। অর্থাৎ সে সময় লন্ডন থেকে কলকাতা যেতে লেগেছিল ৪৯ দিন।

ওই বাসে কিছু বাড়তি 'বিলাসবহুল সার্ভিস'ও ছিল। যেমন- লোয়ার ডেকে একটি রিডিং ও ডাইনিং রুম, আলাদা আলাদা স্লিপিং বাঙ্ক, যাত্রীদের উষ্ণতা দিতে ফ্যান হিটার, এবং দীর্ঘ এ যাত্রাপথে বাসের ভেতর বাড়ির অনুভূতি দিতে চমৎকার সাজসজ্জা।

অ্যালবার্টার একটি টিকিট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর ওই টিকিট থেকে জানা যায়, যাত্রার জন্য ১৪৫ পাউন্ড (বর্তমান দিনে ১৩, ৬৪৪ রুপি) ব্যয় হয়েছিল এবং এটি চলাকালীন সমস্ত বিলাসিতাসহ এই ১৪৫ পাউন্ডের অন্তর্ভুক্ত ছিল। তবে এ বাসকে কোনো দেশেই চেকপোস্টের ঝামেলা পোহাতে হয়নি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন